২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িচোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

চোরাই গাড়ি ও বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 01:20 PM

Updated : 24 Aug 2022, 07:16 PM

ঢাকা মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চোরাই গাড়ি ও বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. বাদল (৩০) ও মো. জাকির হোসেন (৪৫)। তাদের কদমতলী থানার মাতুয়াইলের শহীদ নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গাড়ি চোর চক্রের এ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্য অনুযায়ী কদমতলীর বিলাল নামের একজনের রুম থেকে আটটি প্রাইভেট কারের যন্ত্রাংশ, জিএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে একটি প্রাইভেট কার ও একটি মটরসাইকেল, কাজলা ভাঙ্গাপ্রেসের মেসার্স আরেফিন ওয়ার্কশপ থেকে একটি নোয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়। উদ্ধার গাড়ি ও যন্ত্রাংশের মুল্য ৭৪ লাখ ৫০ হাজার টাকা। পুলিশ জানায়, এই চক্রের সদস্যরা বাড়ির দারোয়ানদের অস্ত্রের ভয় দেখিয়ে আটক করে গাড়ির যন্ত্রাংশ চুরি করে। পরে এগুলো আবার গাড়ির মালিকদের কাছেই উচ্চমূল্যে বিক্রি করত। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৯১৬ ঘ.