২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় স্থাপনা: সিটি গ্রুপের আবেদন না-মঞ্জুর

শীতলক্ষ্যা নদী থেকে স্থাপনা অপসারণ বিষয়ে সিটি গ্রুপের রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করতে গ্রুপের করা আবেদন না-মঞ্জুর করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 02:58 PM

Updated : 24 Aug 2022, 07:14 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদী থেকে স্থাপনা অপসারণ বিষয়ে সিটি গ্রুপের রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করতে গ্রুপের করা আবেদন না-মঞ্জুর করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সিটি গ্রুপকে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে নির্দেশ দেয়। সিটি গ্রুপের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। গত ৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিটি গ্রুপ অব ইন্ডস্ট্রিজকে শীতলক্ষ্যা নদীর ভেতরে নারায়নগঞ্জের রুপগঞ্জ থানার উত্তর রুপসী গ্রামে অবস্থিত তাদের স্থাপনা ও তিনটি পাকা জেটি অপসারণের নোটিশ দেন। এ নোটিশের বিরুদ্ধে সিটি গ্রুপের করা রিট গত ২৩ ফেব্রুয়ারি খারিজ করে হাইকোর্ট। গত বছর ২৫ জুন হাইকোর্ট ঢাকার চারপাশের নদীর ভেতরের সব স্থাপনা অপসারণের রায় দেয়। এরপর হাইকোর্ট গত ২৪ জানুয়ারি এক মাসের মধ্যে নদীর ভেতরের স্থাপনা অপসারণের কাজ শুরুর নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিডি/২০৫১ ঘ.