২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-মাওয়া চলাচল ব্যাহত

দক্ষিণ কেরানীগঞ্জে বেসরকারি একটি স্কুলের শিক্ষার্থীদের অবরোধের কারণে বৃহস্পতিবার ঢাকা-মাওয়া সড়কে গাড়ি চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 07:08 AM

Updated : 24 Aug 2022, 07:16 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কেরানীগঞ্জে বেসরকারি একটি স্কুলের শিক্ষার্থীদের অবরোধের কারণে বৃহস্পতিবার ঢাকা-মাওয়া সড়কে গাড়ি চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিলো। সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। তবে অবরোধ তুলে নেওয়ায় দুপুর সাড়ে ১২টা থেকে ওই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক আবুল কালাম। বাঘাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখার শিক্ষিকা রানু বেগমের (৩৩) মৃত্যুতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে। ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রানু বেগম বুধবার রাতে বিদ্যালয়ে একটি সভা শেষে রাতে তার বাড়ি ফেরার পথে কদমপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকালে রানু বেগমের মৃত্যু হয়। মৃত্যুর খবর বিদ্যালয়ে আসার পরপরই শিক্ষার্থীরা সড়কে নেমে আসে বলে জয়নাল জানান। পুলিশ কর্মকর্তা আবুল কালাম বলেন, অবরোধের সময় শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। তবে পুলিশের আশ্বাসে সাড়ে ১২টার সময় তারা সড়ক ছেড়ে যায়। দুই সন্তানের জননী রানু বেগম দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকায় থাকতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.