২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতনের বিচার করা দরকার: সাজেদা

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার করা দরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 06:22 PM

Updated : 24 Aug 2022, 07:12 PM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার করা দরকার। বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য মওদুদ আহমদের বক্তব্যের জবাবে তিনি একথা বলেন। সাংবাদিকদের নির্যাতন ও সরকারের নানা বিষয়ে 'একটি বিশেষ পত্রিকায়' অসত্য তথ্য পরিবেশনের তীব্র নিন্দা জানান সংসদ উপনেতা। মাগরিবের নামাজের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মওদুদ আহমদ বিভিন্ন মানবাধিকার সংস্থার উদ্ধৃতি দিয়ে সংসদকে জানান, গত ১৪ মাসে দেশে ৩২৪ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। নিহত হন তিনজন। কী কারণে সাংবাকিদদের আক্রমণ করা হচ্ছে তা অনুসন্ধান করতে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনেরও প্রস্তাব করেন তিনি। এরপর সাজেদা চৌধুরী বলেন, "কবে থেকে সাংবাদিকদের ওপর নির্যাতন শুরু হয়েছে তা সবাই জানে। এখন আমার দেশ পত্রিকার অসত্য তথ্য উপস্থাপন করে তিনি (মওদুদ) উস্কানি দিচ্ছেন। ওই পত্রিকাটি এখন জনগণের পত্রিকা নয়, বিএনপির পত্রিকা।" "সব সাংবাদিকের উপর নির্যাতনের বিচার করা দরকার" বলেন তিনি। পয়েন্টর অব অর্ডারে এই দু'জনের বক্তব্যের পরই রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা পর্ব শুরু করেন ডেপুটি স্পিকার শওতক আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এইচএ/০০১২ ঘ.