২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও পাইরেসি বন্ধের দাবি

বাংলাদেশি চলচ্চিত্রের ভিডিও পাইরেসি বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 10:58 AM

Updated : 24 Aug 2022, 07:13 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি চলচ্চিত্রের ভিডিও পাইরেসি বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। একইসঙ্গে বিদেশি সিনেমা আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দেওয়ার দাবিও জানিয়েছে তারা। বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এ দাবি জানান। তিনি বলেন, "ভালো ছবি সিনেমা হলে মুক্তির সঙ্গে সঙ্গে এর পাইরেটেড কপি বাজারে অবাধে বিক্রি হওয়ার ফলে চলচ্চিত্র শিল্প লোকসানের মুখে পড়েছে। ছবি দেখতে কেউ সিনেমা হলে যেতে চায় না।" এর পাশাপাশি ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে অবাধে সেন্সরবিহীন বিদেশি ছবি প্রদর্শনের ফলে সিনেমা হলে গিয়ে দেশীয় চলচ্চিত্র দেখার দর্শক কমে যাচ্ছে বলে অভিযোগও করেন তিনি। এভাবে ভিডিও পাইরেসি ও ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে ছবি প্রদর্শন বন্ধ করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। কাজী ফিরোজ বলেন, "সিনেমা হলে দর্শক কমে যাওয়ার মূল কারণ হচ্ছে, ভিডিও পাইরেসি এবং ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে দেশি ও বিদেশি ছবি সেন্সরবিহীনভাবে প্রদর্শন। এর ফলে গত বছর ৬২টি ছবি মুক্তি পেলেও অল্প কয়েকটি ছবি সাফল্যের মুখ দেখেছে। ২০১০ সালে গত ২ মাসে মাত্র ১০ ছবি মুক্তি পেয়েছে। অথচ এক সময়ে যখন বছরে ৯০/৯৫ টি ছবি মুক্তি পেত। '' তিনি জানান, ১৯৯০-৯১ সালে দেশে সিনেমা হলের সংখ্যা ছিল ১২৩০টি। চলতি বছরে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৪২-এ। শ্যামলী, গুলিস্তান, নাজ, লায়ন, স্টার, শাবিস্তান, তাজমহলসহ রাজধানীর বিভিন্ন সিনেমা হল ব্যবসায়িক লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া অশ্লীল ও নগ্নতাদুষ্ট চলচ্চিত্রের আধিক্যের কারণে ভালো ও সুস্থ ছবি নির্মাতারা হাত গুটিয়ে বসে আছেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দীন নওশাদ, অভিসার সিনেমা হলের মালিক ও মেট্রোপলিটান প্রদর্শক গ্র"পের সভাপতি সফর আলী ভূঁইয়া, চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন, সহসভাপতি সুদীপ্ত কুমার দাস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এমআই/১৬৪৫ ঘ.