সিরাজগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার ঝিকড়া গ্রামে মঙ্গলবার রাতে ডাকাতের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে।
নিহত শুকলা রায় সুর (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুকুমার রায় সুরের স্ত্রী।
এ সময় এলাকাবাসী এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরো চারজনকে আটক করা হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে উল্লাপাড়া-শাহজাদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মেহেদী হাসান বলেন, রাত ৯টার দিকে একদল মুখোশধারী ডাকাত ডাক্তারের ঘরে ঢুকে ডাকাতি করার চেষ্টা করলে শুকলা চিৎকার দেন। এতে ডাকাতরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আশপাশের লোকজন উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24