২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ বিতর্কিত ভূমি দখলের চেষ্টা করছে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের বিতর্কিত (অপদখলীয়) ভূমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 04:28 PM

Updated : 24 Aug 2022, 07:11 PM

সিলেট, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের বিতর্কিত (অপদখলীয়) ভূমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। তিনি বলেন, "অপদখলীয় জমির প্রেক্ষাপটেই জৈন্তাপুর ও আশপাশের সীমান্তে উত্তেজনা ও গুলিবর্ষণের ঘটনা ঘটছে।" জৈন্তাপুর সীমান্ত পরিদর্শন শেষে মঙ্গলবার বিকাল ৫টায় সিলেট বিডিআর সেক্টর সদর দপ্তরে মেজর জেনারেল মইনুল সাংবাদিকদের এ কথা বলেন। এই সীমান্তে গত ৪ ফেব্র"য়ারি থেকে বিডিআর-বিএসএফ একাধিকবার গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। ১৪ ফেব্র"য়ারি বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত হন। এ ঘটনায় ১৭ ফেব্র"য়ারি বিডিআর-বিএসএফ'র উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক হয়। এর দুদিন পর হাওরে মাছ ধরা নিয়ে বিডিআর-বিএসএফ আবার মুখোমুখি অবস্থান নেয়। সর্বশেষ গত সোমবার সিলেটে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মইনুল ইসলাম সিলেট আসেন। সকালে তিনি ডিবির হাওর, মুক্তাপুর, তামাবিল, সংগ্রামপুঞ্জি ও পাদুয়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন। বিডিআর প্রধান প্রতাপপুর সীমান্তে বিএসএফের শিলং সেক্টরের ডিআইজি এ কে ভার্গনের সঙ্গে কথা বলেন। সীমানা চিহ্নিতকরণের জন্য জয়েন্ট বর্ডার ওয়ার্কিং গ্র"পও (জেবিডব্লিউজি) রয়েছে জানিয়ে তিনি বলেন, "২০০৬ সালে গ্র"পের সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত হয় সীমান্ত পিলার যে অবস্থায় আছে, সেই অবস্থায় থাকবে। এ বিষয়ে কারোরই দ্বি-মত হওয়ার কথা নয়।" "জেবিডব্লিউজি'র জরিপ অনুযায়ী বাংলাদেশ অপদখলীয় ভূমির কোনো দখল ভোগ করছে না। কিন্তু বিএসএফ সীমান্তে অপদখলীয় ভূমি জবর দখল করতে চাইছে", বলেন তিনি। সীমান্তে বিদ্যমান সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করে বিডিআর প্রধান বলেন, "প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সীমান্তে স্থিতিশীলতা রক্ষায় দু'দেশের সরকার একমত হলেও নিম্ন পর্যায়ের ভারতীয় প্রতিপক্ষ তা বুঝে উঠতে পারছে না। "এ কারণেই তারা সীমান্তে 'দায়িত্বহীনভাবে' গোলাগুলি করছে।" তাদের মতো বাংলাদেশের সীমান্তরক্ষীরা অবিবেচক কিংবা প্রতিশোধপরায়ণ হলে সীমান্তের পরিস্থিতি খুবই ভয়াবহ হতো বলে বিডিআর প্রধান মন্তব্য করেন। আগামী ৭ মার্চ দিল্লিতে বিডিআর-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে জানিয়ে মইনুল ইসলাম বলেন, "ওই বৈঠকের শুরুতেই এ বিষয়টি উত্থাপন করা হবে।" সে পর্যন্ত দুই দেশের সীমান্তরক্ষীদের ধৈর্যধারণ করা&#