২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎবিহীন সচিবালয়

আগুন লেগে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের তিনটি ভবনে মঙ্গলবার প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 03:17 PM

Updated : 24 Aug 2022, 07:11 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুন লেগে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের তিনটি ভবনে মঙ্গলবার প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ ছিল না। সচিবালয়ের অভ্যন্তরে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত ইডেন ভবন গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (ইএম) শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর চারটার দিকে সাব-স্টেশন সুইচ রুমের হাই টেনশন তারে আগুন লেগে যায়। এতে প্রায় ৩০ থেকে ৪০ বছরের পুরোনো কিছু তার এবং ভোল্টেজ রেগুলেটরের ওপরের দুটি লুপ পুড়ে যায়। ফলে সচিবালয়ে ১, ২ ও ৩ নম্বর ভবনের সব সংযোগ অকেজো হয়ে পড়ে। সাব-স্টেশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি ডিপিডিসিকে অবহিত করা হয়। ডিপিডিসি'র কর্মীরা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ ব্যবস্থা পুনঃস্থাপনে কাজ শুরু করে। দুপুর পৌনে ১২টায় বিদ্যুৎ ব্যবস্থা সচল হয়। শামসুল আলম জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনের বিভিন্ন পর্যায়েও অবহিত করা হয়। তাদের পরামর্শে তিনটি ভবনে অবস্থিত মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব এবং সচিবদের কক্ষে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। তিনি জানান, সচিবালয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোটাই পূর্ত বিভাগ পরিচালনা করে থাকে। ডিপিডিসি শুধুমাত্র বিদ্যুৎ সাব-স্টেশন পর্যন্ত পৌঁছে দেয়। তবে বিতরণ ব্যবস্থার তারগুলো অনেক পুরোনো। তাই এ ধরনের ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/২১১০ ঘ.