ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসনে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগের চিন্তাভাবনা করছে সরকার।
যাত্রাবাড়ি-গুলিস্তান উড়ালপথ (ফ্লাইওভার) বেসরকারি বিনিয়োগে বাস্তবায়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার সংসদে জানিয়েছেন।
ঢাকা ১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "যানজট নিরসনে মহানগরীর অন্যতম গেটওয়ে যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ প্রকল্প বেসরকারি বিনিয়োগে বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়নে তিন বছর লাগবে।"
এছাড়া শাহবাগ, শেরাটন, বাংলামটর ও সোনারগাঁও ইন্টারসেকশনে গ্রেড সেপারেটর (পাতাল রেল) নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আশরাফ বলেন, "অনুমোদনের পর ১৮ মাসের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হবে।"
ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থলে আরো নয়টি স্বল্প ব্যয়ে পাতাল রেল এবং চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এইচএ/২০১৯ ঘ.
bdnews24