ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর ভোটার তালিকা নিয়ে করা আরেকটি রিট আবেদন মঙ্গলবার খারিজ করেছে হাইকোর্ট।
গত সপ্তাহে ওয়ার্ড সীমানা নিয়ে পাঁচটি রিট আবেদন খারিজের পর নির্বাচন কমিশনের আইনজীবী বলেছিলেন, এর ফলে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে আর বাধা থাকলো না।
আগামী মে মাসের শেষ ভাগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হতে পারে বলে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ইতিমধ্যে জানিয়েছেন।
উত্তরা, গুলশান ও লালবাগের কিছু এলাকার ৬ লাখ মানুষকে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করে ডিসিসি নির্বাচনের আদেশ চেয়ে যে আবেদন করা হয় তা মঙ্গলবার খারিজ করে বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ।
মিরপুর-৬ নম্বর ওয়ার্ড কমিশনার আহসানউল্লাহ হাসান এ রিট আবেদনটি করেছিলেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন মাহবুব শফিক। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন শাহদীন মালিক। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24