২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে ৭০টি ঘর পুড়ে গেছে

রাজধানীর মিরপুরে বিহারি বস্তিতে আগুন লেগে ৭০টি ঘর পুড়ে গেছে বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন। তবে বস্তিবাসীরা দাবি করছেন, শতাধিক ঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2010, 02:25 PM

Updated : 24 Aug 2022, 07:07 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে বিহারি বস্তিতে আগুন লেগে ৭০টি ঘর পুড়ে গেছে বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন। তবে বস্তিবাসীরা দাবি করছেন, শতাধিক ঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বস্তিবাসীদের অভিযোগ, স্থানীয় কিছু দুর্বৃত্ত বস্তিতে আগুন ধরিয়ে দিয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বস্তিটিতে আগুন ধরে। আধা ঘণ্টার মধ্যে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, রাত ৯টায় আগুন পুরোপুরিভাবে নেভানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ৭০টি ঘর পুড়ে যাওয়ার হিসাব পাওয়া গেছে। কেউ হতাহত হয়নি। তিনি বলেন, "আমরা ধারণা করছি বস্তির দোতলা একটি বাসার নিচতলা থেকে আগুনে সূত্রপাত।" দমকল কর্মকর্তারা জানান, রাত ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ৯টার দিকে আগুন পুরোপুরিভাবে নেভানো হয়েছে। দমকল কর্মকর্তা কাজী সুফিয়া জানান, খবর পেয়ে দমকলের সাতটি গাড়ি বিহারি বস্তিতে ছুটে আসে। বস্তিটিতে হাজার খানেক ঘর রয়েছে। বস্তির বাসিন্দা আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপ্লব, আলাল ও ঝন্টুসহ স্থানীয় কয়েকজন মাস্তান শুক্রবার বস্তির এক ছেলেকে মারধর করে। এ ঘটনায় আজ রাত ৮টার দিকে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। তিনি অভিযোগ করেন, বৈঠক নিয়ে দুর্বৃত্তরা বস্তিবাসীকে হুমকি দিচ্ছিল। তারাই সন্ধ্যার পর বস্তিতে আগুন দিয়েছে। এ ব্যাপারে দমকল প্রধান বলেন, তদন্তের পর বলা যাবে আসলে কীভাবে আগুন ধরেছে। স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা হাসান নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। তিনি দাবি করেন, দুর্বৃত্তরা বিএনপির কর্মী। অস্থিতিশীলতা সৃষ্টির জন্য তারা বস্তিতে আগুন দিয়েছে। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, বস্তিবাসী হাসান নামে একজনকে আটক করে মারধর করছিলো। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/জিএনএ/এমএসবি/২১২১ ঘ.