ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ-ই মিলাদুন্নবীতে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
অন্যদিকে সরাইলে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে বলে পুলিশ জানায়।
সুন্নী আন্দোলন এবং কওমী মাদ্রাসাপন্থীরা জেলা শহরের ঈদগাহ ময়দানে সকাল ৯টায় সমাবেশ আহ্বান করে।
সদর থানার ওসি হামিদুল ইসলাম ১৪৪ ধারা জারির কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে রাত ১২ পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
শহরের বিভিন্ন স্থানে সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে।
সুন্নী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি নুরে আলম সেলিম দাবি করেছেন, তারা আগে সমাবেশ ডেকেছেন। কিন্তু কওমী মাদ্রাসাপন্থীদের জন্য তাদের কর্মসূচি ভণ্ডুল হলো।
তবে এ বিষয়ে কওমী মাদ্রাসাপন্থীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। চারদলীয় জোটের অন্যতম অংশীদার ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি ফজলুল হক আমিনীর এলাকা ব্রাহ্মণবাড়িয়ায়, কওমী মাদ্রাসাগুলোতে তার প্রভাব রয়েছে।
সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা সাংবাদিকদের জানিয়েছেন, সকাল ৯টায় আহলে সুন্নাতের সঙ্গে কওমী মাদ্রাসাপন্থীদের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছে।
আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, সরাইল উপজেলা সদরের গরু বাজারে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নতের সমাবেশ চলছিলো। ওই সময় কওমী মাদ্রাসাপন্থীরা তার ওপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। কওমীপন্থীরা আহলে সুন্নতের সভামঞ্চেও আগুন ধরিয়ে দেয়।
ওসি বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। দুপুর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৫ ঘ.
bdnews24