২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাবিতে হামলার নির্দেশদাতারাও রেহাই পাবে না'

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার নির্দেশদাতা ও পরিকল্পনাকারীরাও আইনের হাত থেকে রেহাই পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2010, 12:39 PM

Updated : 24 Aug 2022, 07:07 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার নির্দেশদাতা ও পরিকল্পনাকারীরাও আইনের হাত থেকে রেহাই পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, "তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। গত ৮ ফেব্র"য়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে এক ছাত্রলীগকর্মী নিহত হন। পুলিশ বলেছে, শিবিরের হামলায় ছাত্রলীগকর্মী ফারুক মারা গেছেন। এ ঘটনার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, সারা দেশে শিবিরের বিরুদ্ধে চিরুণী অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর সারা দেশে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রাজশাহী মহানগর জামায়াতের তিন নেতাসহ জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত বিশ্ববিদ্যালয় শাখা শিবির নেতা রাইজুল ইসলাম পুলিশের জিজ্ঞাসাবাদে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে হামলা হওয়ার কথা জানিয়েছেন বলে পত্রিকায় খবর বেরিয়েছে। এর সূত্র ধরে সাংবাদিকরা জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "রগকাটা বাহিনীর নির্দেশদাতারাও রেহাই পাবে না।" শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "যারা ছাত্রদের রগ কাটে, প্রয়োজনে তাদের রাজনীতিও নিষিদ্ধ করা হবে।" রাবি ও খাগড়াছড়ির ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে শামসুল হক বলেন, এসব ঘটনার নায়কদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। এর আগে মতবিনিময় সভায় উপাচার্য ড. আব্দুস সোবহান ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকারের সহযোগিতা চাইলে প্রতিমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। উপাচার্যের বাসভবনের লাউঞ্জের মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূরুল ইসলাম, রাবি উপ-উপাচার্য এম নুরুল্লাহ্, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, রেজিস্ট্রার এম এ বারী প্রমুখ। সভা শেষে সিনেট ভবনের সামনে ছাত্রলীগ নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ক্যাম্পাসে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করে শিবিরকে প্রতিহত করতে হবে। তিনি শহীদ শিক্ষক ড. শামসুজ্জোহার কবর জিয়ারত করেন। পরে প্রতিমন্ত্রী রাজশাহী সার্কিট হাউসে আওয়ামী লীগসহ মহাজোটের শরিক বিভিন্ন দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া বিকালে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩১ ঘ.