সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিক্যুইড পেট্রোলিয়াম (এলপি) গ্যাস ব্যবহার উৎসাহিত করতে তা আমদানিতে কর ছাড় দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়্যারম্যান অধ্যাপক মো. হোসেন মনসুর।
গৃহস্থালিতে পাইপলাইনে গ্যাস সরবরাহ কমাতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শুক্রবার রাতে সিরাজগঞ্জ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পেট্রোবাংলা চেয়্যারম্যান বলেন, গৃহস্থালি গ্যাসের দাম একটু বাড়িয়ে এলপি গ্যাসের দাম সহনীয় পর্যায়ে আনার পরিকল্পনা করছে সরকার।
প্রয়োজনে গৃহস্থালির ব্যবহৃত গ্যাসের সঙ্গে প্রিপেইড মিটার চালুর চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি।
হোসেন মনসুর বলেন, দেশে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকারিভাবে আগামী ৩ বছরের মধ্যে নতুন গ্যাস ক্ষেত্রের জন্য কুমিল্লা, গাজীপুর, ফেনী, নেত্রকোনা ও পাবনায় জোর অনুসন্ধান চলছে। এছাড়াও বর্তমানে পুরাতন গ্যাসফিল্ডগুলোর মধ্যে যেগুলো অব্যবহৃত আছে সেগুলোর মধ্যে পাঁচটি সচল করার পরিকল্পনা রয়েছে।
এর পাশাপাশি সালদা নদীতে বন্ধ রাখা দুটি গ্যাস ক্ষেত্র নতুনভাবে খনন করে চালুর চিন্তা-ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
মনসুর বলেন, উত্তরাঞ্চলে যে বৈষম্য ছিলো, বঙ্গবন্ধু সেতু চালুর পর প্রাকৃতিক গ্যাস চালু হওয়ার সঙ্গে সঙ্গে তা অনেকটাই দূর হতে শুরু করেছে। আগামীতে উত্তরাঞ্চলের জনগণ গ্যাসে সুবিধা পুরোপুরি ভোগ করার জন্য উত্তরাঞ্চলের পাঁচটি কয়লাখনি থেকে গ্যাস এবং বিদ্যুৎ উৎপাদন করা দরকার।
ঢাকা-বগুড়া মহাসড়কের নলকায় পিজিসিএল'র প্রধান কার্যালয় প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিজিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সাত্তার, পেট্রোবাংলার কোম্পানী বোর্ডের পরিচালক শহিদুল আবেদীন, পিজিসিএল কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৩৩ ঘ.
bdnews24