ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পূর্ব প্রান্তের প্রবেশ মুখ যাত্রাবাড়ীতে শুক্রবার সকালে বাসের চাপায় দুজন নিহত হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বাত্রাবাড়ী থানার উপপরিদর্শক বোরহানউদ্দিন রানা জানিয়েছেন।
নিহতরা হলেন- রিকশাচালক আব্দুল কাদের (৪৫) এবং মোটর সাইকেল আরোহী ইমদাদ হোসেন (২৫)।
পুলিশ কর্মকর্তা বোরহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নোয়াখালীর সোনাইমুড়ি ছেড়ে আসা একটি বাস কুতুবখালীতে একটি রিকশা ও একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।"
বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে, বলেন বোরহান।
বাসের চালক ও চালকের সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/কিউএইচ/এমআই/১২১৯ ঘ.
bdnews24