ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে 'রাজনৈতিক মহলের' সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠান উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা দরকার। তবে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবিরের কর্মকাণ্ড এবং পার্বত্য চট্টগ্রামের সহিংসতা দেখে মনে হচ্ছে, এর পেছনে কোনো রাজনৈতিক মহল কাজ করছে।
এ অবস্থায় খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম রাখা কষ্টসাধ্য বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে মন্ত্রী রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে চাল দিতে কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
মিরপুর ১ নম্বর সেকশনের শাহ আলী থানার সামনে স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের গরিব জনসাধারণের মধ্যে এদিন কার্ড বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর ওয়ার্ড ও পাশের ইউনিয়নে এ কার্ড দেওয়া হবে বলে জানান আব্দুর রাজ্জাক।
উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এ কার্ডের মাধ্যমে শুধু চাল দেওয়া হলেও চিনি ও তেলের মতো আরো দু'একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য এর সঙ্গে দেওয়ার কথা ভাবা হচ্ছে।
খোলা বাজারে চাল বিক্রির পাশাপাশি এ কার্যক্রমও চলবে জানিয়ে রাজ্জাক বলেন, এক সঙ্গে কেউ ২০ কেজি চাল কিনতে না চাইলে ১০ কেজি করে দু'বারও নিতে পারবে।
তিনি বলেন, সরকার চালের দাম কমানোর সর্বাত্মক প্রচেষ্টা করছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আসলামুল হক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা, মহানগর আওয়ামী লীগ নেতা ফজলুল হক ও স্থানীয় ওয়ার্ড কমিশনার রোকসানা শিরিন।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারাদেশে মোট ২৪ লাখ ৭০ হাজার পরিবারের মধ্যে এ স্বল্পমূল্যে বিতরণের জন্য (ফেয়ার প্রাইস) কার্ড দেওয়া হবে।
প্রাথমিকভাবে দুই মাসের জন্য (মার্চ থেকে এপ্রিল) এ কার্যক্রম চালানো হবে।
এরমধ্যে রাজধানী ঢাকার ৯০টি ওয়ার্ড ও এর সংলগ্ন ২৫টি ইউনিয়নের প্রতিটিতে ১০ হাজার করে পরিবার এ কার্ড পাবে। ঢাকা ছাড়া অন্য ছয়টি বিভাগীয় শহরের প্রতি ওয়ার্ডের পাঁচ হাজার করে পরিবার পাবে এ কার্ড।
বিভাগীয সাতটি শহরের বাইরে অবশিষ্ট ৫৭টি জেলা শহরের প্রতিটি ওয়ার্ডের ১০ হাজার পরিবারকে এ কার্ড দেওয়া হবে।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা স. ম. গোলাম কিবরিয়া জানান, যেসব এলাকার তালিকা মন্ত্রণালয়ের হাতে এসেছে সেসব এলাকায় দু'একদিনের মধ্যেই কার্ড বিতরণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/২১৩৯ ঘ.
bdnews24