খাগড়াছড়ি, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি-বাঙালি সংঘর্ষের পর বুধবার খাগড়াছড়ি জেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। সান্ধ্য আইনের মেয়াদ পার হলেও শহরের রাস্তাগুলো প্রায় জনশূন্য হয়ে আছে। দোকান-পাটও খোলেনি।
সকালে জেলা শহর ঘুরে বিভিন্ন স্থানে সেনা টহল দেখা যায়, মোতায়েন আছে পুলিশও। পাহাড়ি-বাঙালি কাউকেই সড়কে খুব একটা দেখা যাচ্ছে না। স্থানীয়রা বলছেন, মঙ্গলবারের সংঘাতের পর পরস্পরের প্রতি এক ধরনের অবিশ্বাস কাজ করছে।
থমথমে অবস্থার মধ্যেই এসএসসি পরীক্ষার্থীরা বুধবার পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে গেছেন। এজন্য সকালের কিছু সময় রাস্তাঘাটগুলো কিছুটা সরব ছিলো।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি দেখতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু খাগড়াছড়ি আসছেন। তিনি এর আগে রাঙামাটির বাঘাইছড়ি যাবেন।
গত সপ্তাহে বাঘাইছড়িতে ভূমি বিরোধ নিয়ে ঘর পোড়ানো থেকেই সংঘাতের সূত্রপাত। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং বাঙালি সংগঠন পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের পাল্টাপাটি মিছিল থেকে খাগড়াছড়ি শহরে সংঘাত বাঁধে।
সংঘর্ষে এক বাঙালি নিহত হয়েছে বলে স্থানীয়রা জানায়। বাঙালি সংগঠন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ বৃহস্পতিবার খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।
সংঘর্ষে পাহাড়ি-বাঙালি উভয়েরই বেশ কয়েকটি ঘর পোড়ানো হয়। আহত হয় সাংবাদিকসহ অনেকে। তবে ১৪৪ ধারা জারি এবং সংঘাতময় পরিস্থিতিতে এর সুনির্দিষ্ট সংখ্যা যাচাই করা সম্ভবপর হয়নি।
দুপুরে ১৪৪ ধারা জারির পর সন্ধ্যায় সান্ধ্য আইন জারি করা হয়। সান্ধ্য আইন জারির পর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (মঙ্গলবার রাত ৯টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত পৌর এলাকা ও আশপাশের এলাকায় কারফিউ বলবৎ থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১০ ঘ.
bdnews24