ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে চিকিৎসক ও শিক্ষক নিতে মালদ্বীপ সরকারের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশের শ্রমিকদের বৈধ করার আহবানও জানান তিনি।
ঢাকায় মালদ্বীপের রাষ্ট্রদূত আহমেদ ফারের মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে হাসিনা এ আহবান জানান।
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মালদ্বীপে 'বাংলাদেশ-মালদ্বীপ বিশ্ববিদ্যালয়ের' জন্য রাষ্ট্রদূত সাহায্য-সহযোগিতা চেয়েছেন। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দু'টি দেশ উল্লেখ করে শেখ হাসিনা এর প্রভাব মোকাবেলায় দু'দেশকে একসঙ্গে কাজ করারও আহবান জানান।
নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী দু'দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ থেকে মালদ্বীপে উন্নতমানের ওষুধ, সিরামিক পণ্য ও তৈরি পোশাক নেওয়ার জন্য সে দেশের রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান শেখ হাসিনা।
আহমেদ ফারের প্রধানমন্ত্রীকে জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তার দেশের প্রেসিডেন্ট এশিয়া সম্মেলনের আয়োজনের উদ্যোগ নিয়েছেন। জাতিসংঘের ষষ্টদশ জলবায়ু সম্মেলনের আগেই এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং আ্যাম্বাসেডর অ্যাট লার্জ জিয়াউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24