২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মইনের বাড়ি ক্রোকের শুনানি আবার পেছাল

সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের বারিধারা ডিওএইচএসর বাড়ি ক্রোকের আবেদনের শুনানি আবার পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 02:08 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের বারিধারা ডিওএইচএসর বাড়ি ক্রোকের আবেদনের শুনানি আবার পিছিয়েছে। বিচারক ছুটিতে থাকায় সোমবার এ শুনানি হয়নি। এর আগে গত ৩১ জানুয়ারি এ শুনানির জন্য দিন ধার্য ছিল। সেদিন মইনের আইনজীবীরা সময়ের জন্য সময় চেয়েছিলেন। আগামি ১৫ মার্চ ওই শুনানির জন্য আবার দিন ধার্য হয়েছে বলে টুকুর আইনজীবী সঞ্জীব সাহা জানিয়েছেন। মইনের বিরুদ্ধে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর মানহানি মামলায় বাড়িটি ক্রোকের আবেদন জানানো হয় গত বছরের ১২ জুলাই। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৭ মার্চ মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে জেনারেল মইন চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে মইন বিদ্যুৎ মন্ত্রণালয়ের মিথ্যা দুর্নীতির তথ্য দিয়েছেন দাবি করে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেন বিএনপি-জামায়াত জোট সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী টুকু। গত বছরের ১২ জুলাই ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ এস এম সাইফুল ইসলামের আদালতে এ মামলা করা হয়। টুকু মামলায় অভিযোগ করেন, সাবেক সেনাপ্রধান বলেছিলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার হয়েছে। মইন উ আহমেদের ওই বক্তব্য মিথ্যা দাবি করে টুকু মামলায় বলেন, এতে তার মানহানি হয়েছে। এ জন্য তিনি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাচ্ছেন। মামলা দায়েরের দিনই টুকুর আইনজীবীরা মইনের রাজধানীর বারিধারা ডিওএইচএসের পাঁচ কাঠা জমির ওপর ৬ তলা বাড়িটি নিরাপত্তা জামানত হিসেবে ক্রোক করার আবেদন জানান। বাড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের এ আবেদনে টুকু আদালতে বলেন, তিনি ক্ষতিপূরণ মামলায় ১০০ কোটি টাকা পাবেন। সে ক্ষেত্রে তিনি মামলায় জেতার পর (ডিক্রি লাভ) বিবাদী যাতে তার মালিকানাধীন ডিওএইচএস এর বাড়ি অন্যত্র হস্তান্তর করতে না পারেন সে জন্য রায় ঘোষণার আগে বাড়িটি ক্রোক করার জন্য আদালতের কাছে পৃথক এ আবেদন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/পিডি/২০০২ ঘ.