২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জিরাফ অনিয়ম'সহ নানা অভিযোগে হাবিবুর বরখাস্ত

চিড়িয়াখানার জন্য জিরাফ কেনায় অনিয়মসহ কয়েকটি অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. হাবিবুর রহমানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 11:30 AM

Updated : 24 Aug 2022, 07:00 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিড়িয়াখানার জন্য জিরাফ কেনায় অনিয়মসহ কয়েকটি অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. হাবিবুর রহমানকে। অভিযোগ তদন্তের সুবিধায় তাকে সোমবার বরখাস্ত করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার তাকে বরখাস্ত করা হয়েছে নিশ্চিত করেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান। এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং সচিব শরফুল আলম তার বরখাস্ত আদেশ অনুমোদন করেন। অধিদপ্তরের উপ-পরিচালক সুনীল কান্তি গায়েন মহাপরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন মহাপরিচালক সুনীল কান্তি গায়েন সোমবার বিকেলেই দায়িত্ব নিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান চলতি দায়িত্ব হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন। মন্ত্রীর দপ্তর থেকে জানা গেছে, তার বিরুদ্ধে চিড়িয়াখানার জন্য জিরাফ কেনায় অনিয়মসহ কয়েকটি অভিযোগ তদন্তে শিগগির কমিটি করবে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়। তদন্ত কমিটি গঠনের আগে তাকে মহাপরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হলো। হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রশাসনিক অদক্ষতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিন্মগতি, কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষা করারও অভিযোগ রয়েছে। সুনীল কান্তি গায়েন জানান, মন্ত্রণালয়ের আদেশ পাওয়ার পর তিনি বিকেলে অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগ দেন। পরে বিদায়ী মহাপরিচালক তার কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৪১ ঘ.