ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ৩৬ ঘণ্টা পর ঢাকা-আগরতলা সড়ক পথে যান চলাচল আবার শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি সেতুর লোহার পাত ভেঙ্গে পড়ায় রোববার সকাল থেকে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে পণ্যবাহী প্রায় দু'শ' ট্রাক।
সেতু মেরামতের পর সোমবার সন্ধ্যায় ৬টা থেকে যান চলাচল আবার শুরু হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান।
স্থানীয়রা জানায়, রোববার সকাল ৬টার দিকে আখাউড়ার টানমান্দাইল এলাকায় ট্রাক পারাপারের সময় একটি বেইলি ব্রিজের স্টিলের পাত খসে পড়ে। ট্রাকটিও সেতুতে আটকে পড়ে। এরপরই ওই সেতু দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়।
সেতুর উভয় পাশে বর্তমানে ২০০ ট্রাক আটকা পড়ে বলে স্থানীয়রা জানায়। চলাচল বন্ধ থাকা আখাউড়া স্থলবন্দরের কার্যক্রমেও প্রভাব পড়ে।
স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন আখাউড়া বন্দর দিয়ে ৭০ থেকে ৮০ লাখ টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়।
"আজ (সোমবার) পণ্য রপ্তানি প্রায় বন্ধ থাকায় প্রায় ৬০ লাখ টাকার বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হবে বন্দর কর্তৃপক্ষ।"
ভারত সীমান্ত থেকে বাংলাদেশের প্রায় ৫ কিলোমিটার ভেতরে টানমান্দাইল এলাকায় দুই সপ্তাহ আগেও সেতুর লোহার পাত খসে প্রায় ১৪ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৮৪৩ ঘ.
bdnews24