২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়ির ঘটনার সংসদীয় তদন্ত দাবি

বাঘাইছড়ির সহিংসতা তদন্তে সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 07:54 AM

Updated : 24 Aug 2022, 07:00 PM

রাঙামাটি, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঘাইছড়ির সহিংসতা তদন্তে সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। এটিসহ ছয় দফা দাবিতে সোমবার রাঙামাটি জেলা সদরে বিক্ষোভের পর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে তারা। তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নেয় বৌদ্ধ ভিক্ষুরাও। বৌদ্ধ ভিক্ষু সংঘ আলাদা স্মারকলিপিতে ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। বিক্ষোভ করেছে বাঙালিরাও। এদিকে বাঘাইছড়িতে এখনো ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে সেখানে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানায়। ভূমির অধিকার নিয়ে পাহাড়ি-বাঙালি বিরোধের জের ধরে শুক্রবার রাঙামাটির বাঘাইছড়িতে বেশ কয়েকটি ঘর পুড়িয়ে দেওয়া হয়। পরদিন সেখানে সেনা সদস্যদের উপস্থিতিতে সহিংসতায় বেশ কয়েকজন হতাহত হয়, পোড়ানো হয় শতাধিক ঘর। দুই পাহাড়ির লাশ ইতিমধ্যে পাওয়া গেছে, যারা সেনা সদস্যদের গুলিতে মারা গেছে বলে পাহাড়িদের অভিযোগ। সোমবার সকাল ১১টার দিকে জনসংহতি সমিতি ও বৌদ্ধ ভিক্ষু সংঘের এক হাজারের বেশি সদস্য শহরের রাজবাড়ি এলাকা থেকে মিছিল করে। মিছিলটি বনরূপা এলাকা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর জনসংহতি সমিতি ও ভিক্ষু সংঘ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আলাদা দুটি স্মারকলিপি দেয়। সমাবেশে বক্তব্যে পার্বত্য ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক সত্যানন্দ মহাথেরো বাঘাইছড়ির ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান। সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লক্ষ্মীপ্রসাদ চাকমা বাঘাইছড়িতে সহিংসতার জন্য সেনা সদস্যদের দায়ী করে ওই অঞ্চল থেকে 'সেনা জোন' প্রত্যাহারের দাবি জানান। তিনি অভিযোগ করেন, সেনা সদস্যদের গুলিতেই পাহাড়িরা প্রাণ হারিয়েছে। সংসদীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে হত্যা ও ঘর পোড়ানোর জন্য দায়ীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে জেএসএস। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং পুনর্বাসনের ব্যবস্থা করা, বাঙালিদের গুচ্ছগ্রামে গ্রামে সরিয়ে নেওয়া, অপারেশ উত্তরণ প্রত্যাহারসহ পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন। বাঘাইছড়িতে সহিংসতার পর পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে জানিয়ে তাদের মুক্তি দাবি করেন লক্ষ্মীপ্রসাদ। পুলিশের একটি গাড়ি ওই মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় জেএসএসের একজন সামান্য আহত হলে মিছিলকারী ওই গাড়ির কাচ ভাংচুর করে। দুপুর ১টার দিকে পাহাড়িদের মিছিল শেষ হওয়ার পর শহরে মিছিল বের করে পাবর্ত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ। এ সংগঠনটি সরকারের সঙ্গে সন্তু লারমার করা পার্বত্য শান্তি চুক্তির বিরোধী। বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দিন ধরে ১৪৪ ধারা জারি থাকায় সেখানে জনজীবন স্থবির হয়ে আছে। ফের সংঘাতের আশঙ্কায় উৎকণ্ঠাও রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রোববার বাঘাইছড়ি গেলে স্থানীয়া ১৪৪ ধারা প্রত্যাহারের জন্য পদক্ষেপ নিতে তার প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪০ ঘ.