সাভার, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহৃত সহপাঠিকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারের দাবিতে সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রোববার সকালে এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে রাখে।
শ্রীপুরে সকাল পৌনে ১০টা থেকে ১১টা পর্যন্ত ওই অবরোধের কারণে সড়কের দুই পাশে সৃষ্টি হয় ব্যাপক যানজট। পুলিশ ও র্যাবের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
ওই স্কুলের এক ছাত্রী স্কুলের সামনে থেকেই শনিবার অপহৃত হয়।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে স্কুল ছুটির পর ওই ছাত্রী মায়ের সঙ্গে বাসায় ফিরছিলেন। ওই সময় একটি মাইক্রোবাসে করে ৭/৮ জন যুবক ওই তরুণীকে তুলে নিয়ে যায়।
অপহৃতের বাবা বাদি হয়ে শনিবার রাতে আশুলিয়া থানায় শ্রীপুর এলাকার গেদুরাজের ছেলে শাহীনসহ অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামি করে একটি মামলা করেছেন বলে পুলিশ কর্মকর্তা সিরাজুল জানান।
শাহীন (২৫) দীর্ঘদিন ধরে ওই তরুণীকে নানাভাবে উত্যক্ত করে আসছিলো বলে তার পরিবারের অভিযোগ।
অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24