ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার-বেসরকারি যেকোনো উদ্যোগে দেশ থেকে খনিজ সামগ্রী রপ্তানি নিষিদ্ধ করতে বৃহস্পতিবার সংসদে একটি বিল উত্থাপিত হয়েছে।
বিলটি সংসদে আইন হিসেবে পাশ হলে সেটি কার্যকরের তারিখ থেকে পরবর্তী ৫০ বছর খনিজ সামগ্রী রপ্তানি করা যাবে না।
অশোধিত অথবা প্রক্রিয়াজাত অথবা অন্য যেকোনো কোন রূপে রুপান্তরিত খনিজ সামগ্রী এ রপ্তানি-নিষিদ্ধের আওতায় পড়বে।
সরকার দলীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন 'খনিজ সামগ্রী রপ্তানি নিষিদ্ধকরণ আইন, ২০১০' নামে এ বিল উত্থাপন করেন।
বর্তমানে দেশে জ্বালানি সংকট প্রকট। এরপরও গ্যাস ও কয়লাসহ জ্বালানি অশোধিত ও প্রক্রিয়াজাত আকারে রপ্তানি করার জন্য নানা ধরনের প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ চাপ রয়েছে।
এই অবস্থায় দেশের জ্বালানি-ভবিষ্যত রক্ষায় এ বিল প্রস্তাব করা হয়েছে।
বিলে বলা হয়েছে, সরকার বা সরকারি কোনো কর্মকর্তা বা অন্য কোনো ব্যাক্তি কোনো পর্যায়েই এ ধরনের খনিজ সামগ্রী রপ্তানি করার সিদ্ধান্ত বা উদ্যোগ নিতে পারবেন না।
বিলের অপরাধ ও শাস্তির অংশে বলা হয়েছে, কোনো ব্যাক্তি রপ্তানির উদ্যোগ বা সিদ্ধান্ত নিলে ১৪ বছর কারাদন্ড বা অনধিক পাঁচ লাখ টাকা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।
এছাড়া এই আইনে বর্ণিত অপরাধের তদন্ত, বিচার, আপীল এবং আনুষাঙ্গিক সকল বিষয়ে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৩৯ ঘ.
bdnews24