২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে দোকান বন্ধে ফের কড়াকড়ি

চলতি বোরো মৌসুমে সেচ যন্ত্রের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহে দোকানপাট রাত ৮টা থেকে বন্ধে আবারো কড়াকড়ি আরোপ করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 10:41 AM

Updated : 24 Aug 2022, 06:54 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বোরো মৌসুমে সেচ যন্ত্রের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহে দোকানপাট রাত ৮টা থেকে বন্ধে আবারো কড়াকড়ি আরোপ করছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুত ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বিদ্যুত, জ্বালানি ও খণিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক সাংবাদিকদের বলেন, "রাত ৮টায় বিপণি বিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধে কড়াকড়ি আরোপ করা হচ্ছে।" শহরে সরবরাহ কমিয়ে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সেচের জন্য বিদ্যুত দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। "তবে যেহেতু এখন এসএসসি পরীক্ষা চলছে, তাই সেচের বিদ্যুত যাবে রাত ১২টার পর", বলেন তিনি। বিদ্যুত সাশ্রয়ে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাত ৮টার পর দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। বর্তমান সরকারের সময় তা চললেও বিভিন্ন স্থানে দোকান পাট ৮টার পরও খোলা থাকছে। এনামুল জানান, দেশে বর্তমানে বিদ্যুতের দৈনিক গড় উৎপাদন ৩ হাজার ৮০০ মেগাওয়াট। সেচসহ বিদ্যুতের দৈনিক চাহিদা বর্তমানে প্রায় চার হাজার ৩০০ মেগাওয়াট। "তবে গরম বাড়ার সঙ্গে সঙ্গে এ চাহিদা প্রায় সাড়ে ৫ হাজার মেগাওয়াটে উন্নীত হবে", বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, এ বছর দেশে ২ লাখ ৭৫ হাজার ৩৪৫টি সেচ পাম্পে বিদ্যুত সরবরাহ করা হবে। গত বছর এ সংখ্যা ছিলো ২ লাখ ৬০ হাজার ৪৭৪টি। এ জন্য এবার গতবারের চেয়ে প্রায় ৩৫০ মেগাওয়াট বেশি বিদ্যুতের প্রয়োজন হবে, বলেন তিনি। সেচের জন্য ডিজেলের চাহিদাও এবার ৪ হাজার মেট্রিক টন বেড়ে ১ লাখ ৩০ হাজার টনে উন্নীত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। যা গত বছর ছিলো ১ লাখ ২৬ হাজার টন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাসের সঙ্কটের কারণে কয়েকটি কেন্দ্রে বিদ্যুত উৎপাদন বন্ধ রয়েছে। সারের জন্য গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে গিয়ে ঘাটতি দেখা দিচ্ছে বলে জানান তিনি। তবে প্রতিমন্ত্রী আশা করছেন, আগামী মধ্য জুন থেকেই দেশের বিদ্যুত পরিস্থিতির উন্নতি হবে। ভারত থেকে বিদ্যুত আনতে চলতি ফেব্র"য়ারি মাসের মধ্যেই গ্রিড ট্রান্সমিশন লাইন স্থাপনের দরপত্র আহ্বান করা হবে জানিয়ে এনামুল বলেন, জুলাই মাসে কার্যাদেশ দেওয়া সম্ভব হবে। "আগামী ২০১২ সাল নাগাদ লাইন স্থাপনের কাজ শেষ হবে। এতে ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত আমদানি করা সম্ভব হবে", বলেন তিনি। বিদ্যুত সহযোগিতা বিষয়ে আলোচনার জন্য ভারতের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে বলে প্রতিমন্ত্রী জানান। প্রধানমন্ত্রীর বিদ্যুত ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী সাংবাদিকদের বলেন, "লোড ব্যবস্থাপনার পাশাপাশি রাত ৮টার পর দোকান বন্ধ, সিএনজি স্টেশনসহ অপ্রয়োজনীয় স্থানে অতিরিক্ত বিদ্যুত ব্যবহার বন্ধ, বিদ্যুত সাশ্রয়ী বাতি ব্যবহার ও শহরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার সীমিত করে বিদ্যুত সাশ্রয় করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/এমআই/১৬৩০ ঘ.