২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও সিলেটে বিডিআর-বিএসএফ বৈঠক

সাতক্ষীরা ও সিলেটে বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ রাইফেল্স (বিডিআর) এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 03:40 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা ও সিলেটে বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ রাইফেল্স (বিডিআর) এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে। সাতক্ষীরার বৈঠকটি হয় সীমান্তে দুই লাইনের রাস্তা নির্মাণ ও নদী খননসহ বিভিন্ন বিষয় নিয়ে। সিলেটে হয় জৈন্তাপুর সীমান্ত থেকে বিডিআর জোয়ানকে তুলে নিয়ে যাওয়া ও সীমান্ত এলাকায় নিরীহ বাংলাদেশিদের ওপর বিএসএফের গুলিবর্ষণসহ বিভিন্ন বিষয়ে। সাতক্ষীরা প্রতিনিধি জানান, ভারত সীমান্তে দুই লাইনের রাস্তা নির্মাণ ও সোনাই নদী খননসহ বিভিন্ন বিষয় নিয়ে সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক সীমানা পিলার ৩ এর কাছে ভোমরা ইমিগ্রেশনের গোলঘরে বিডিআর ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়। বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত চলা বৈঠকে বিডিআর ৪১ রাইফেল্স ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম ইকবাল আজিম পিএসসি সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তাকে সহযোগিতা করেন ব্যাটালিয়নের অপারেশন অফিসার (অপস) মেজর জাহাঙ্গীর আলম ও ক্যাপ্টেন মাহবুব। বিএসএফের ৯৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কর্নেল আনান্ত সিং ভারতের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তাকে সহযোগিতা করেন ইনসপেক্টর কারনিপাল ও ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের কমান্ডার নরেশ শরমা। জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, বৈঠকে বিএসএফ সীমান্তের ভোমরা থেকে বসিরহাট পর্যন্ত দুই লাইনের রাস্তা নির্মাণ, বৈকারী সীমান্তের সোনাই নদী খনন কাজ, একই সীমান্তের বিপরীতে ভারতের শূন্য লাইনের কাছে পাকাঘর নির্মাণের বিষয়টি বিডিআরের কাছে উপস্থাপন করে। বিডিআর তাদের দাবি লিখিতভাবে পাঠানোর আহবান জানায়। বিডিআর সীমান্তে অনাকাক্সিক্ষত গুলিবর্ষণ বন্ধ, নারী-শিশু পাচার প্রতিরোধ, ফেন্সিডিলের চালান না পাঠানো, সীমান্তের দেড়শ গজের ভেতরে পাকাঘর নির্মাণ ও সংস্কার না করা, নিশ্চিত না হয়ে কোনো ব্যক্তিকে বাংলাদেশে জোর করে না পাঠানোর বিষয় বিএসএফের কাছে উপস্থাপন করে। সিলেট প্রতিনিধি জানান, শ্রীপুর সীমান্ত এলাকার সিলেট জেলা পরিষদের ডাকবাংলোতে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিডিআর ও বিএসএফে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক হয়। বৈঠকে বিডিআরের নেতৃত্ব দেন বিডিআরের উপ-মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ওবায়দুল হক। বিএফএফের নেতৃত্ব দেন বিএসএফের মেঘালয় রাজ্যের আইজিএস পৃথ্বিরাজ। বিডিআর সিলেট সেক্টরের উপ-অধিনায়ক মেজর কুহিনূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে গত ৪ ফেব্র"য়ারি জৈন্তাপুর সীমান্তে ডিবির হাওর এলাকায় বিডিআর জোয়ানকে তুলে নিয়ে যাওয়া এবং ওইদিন ও ১৪ ফেব্র"য়ারি সীমান্তে নিরীহ বাংলাদেশিদের ওপর গুলিবর্ষণ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। তিনি বলেন, বাংলাদেশের ভূমির ৩-৪শ গজ ভেতরে ঢুকে মাছ ধরা ও জমিতে কৃষকদের চাষাবাদে বাধা দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়। বিএসএফ ভবিষ্যতে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে বলে আশ্বস্ত করে। কুহিনূর আরো জানান, সীমান্ত এলাকার বিরোধপূর্ণ জমি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়। এছাড়া বাংলাদেশের সীমান্তে বিএসএফ যে অস্থায়ী চৌকি স্থাপন করেছিলো তা সরিয়ে নিতে সম্মত হয়েছে বিএসএফ। বৈঠকে বিডিআর সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মো. নিয়ামুল ইসলাম ফাতেমী (বীর প্রতীক) ও ২১ রাইফেল্স ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জহিরুল আলমসহ বিডিআরের নয়জন প্রতিনিধি এবং বিএসএফের সাতজন প্রতিনিধি অংশ নেন। এর আগে গত ১৫ ফেব্র"য়ারি তামাবিল সীমান্তে এ বিষয়ে বিডিআর-বিএসএফের পতাকা বৈঠক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/২১৩৫ ঘ.