২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারিশ্যা বিডিআর বিদ্রোহের বিচারে সাক্ষ্যগ্রহণ

বিদ্রোহের ঘটনায় রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৫ বিডিআর সদস্যের বিচারে সাক্ষ্যগ্রহণ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 03:32 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

রাঙামাটি, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিদ্রোহের ঘটনায় রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৫ বিডিআর সদস্যের বিচারে সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার পাঁচজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এ মামলায় সাক্ষী রয়েছেন ৮৫ জন। সকাল ৯টায় শুরু হয়ে তিন দফা বিরতিসহ আদালতের কার্যক্রম চল বিকাল ৫টা পর্যন্ত। এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্ষন্ত আদালত মুলতবি করা হয়। রাঙামাটি বিডিআর সেক্টর সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। প্যানেলের অপর দুই সদস্য হলেন লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুর রউফ ও মেজর গোলাম মোস্তফা আল মামুন। তাদের সহায়তাকারী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। বিশেষ পিপি (স্পেশাল প্রসিকিউটর) ছিলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল ও অ্যাডভোকেট মহিউদ্দিন দেওয়ান। ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজড ছিলেন বিডিআর কর্মকর্তা মেজর এনামুল করিম এবং আসামিপক্ষের নিয়োগ করা আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এসএম আবদুর রউফ ও অ্যাডভোকেট কাজী বশির আহমেদ। এ মামলায় অভিযুক্ত ৭৫ বিডিআর সদস্যের মধ্যে রয়েছেন তিনজন সুবেদার, পাঁচজন নায়েক সুবেদার, ১২ জন হাবিলদার, নয়জন নায়েক, ১৪ জন ল্যান্স নায়েক এবং ৩২ জন সিপাহী। বিচার কাজের শুরুতে সভাপতি মামলার প্রসিকিউটরের কাছে ৭৫ আসামি হাজির কিনা জানতে চান। প্রসিকিউটর সবাই হাজির বলে জানান। এরপর ১ নম্বর সাক্ষী নায়েক সুবেদার রেজাউর রহমানের মঙ্গলবারের অসমাপ্ত সাক্ষ্য নেওয়া হয়। এরপর আসারি তাকে জেরা করেন। এরপর একে একে সাক্ষ্য দেন লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, ডা. লেফটেন্যান্ট কর্নেল কবীর আহমেদ খান, মেজর ইকবাল ইউসুফ ও ক্যাপ্টেন মো. মাহমুদুর রহমান। বিকাল ৫টায় আদালতের কাজ শেষ হয়। গত ৩০ ডিসেম্বর থেকে মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৫ বিডিআর সদস্যর বিরুদ্ধে এ বিচার শুরু হয়। মামলায় ৮৫ জনকে সাক্ষী করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.