২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধে হত্যার মামলা: আসামি ১২ 'রাজাকার'

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে কেন্দ্রীয় জামায়াত নেতাসহ ১২ 'রাজাকার'র বিরুদ্ধে দু'টি মামলা হয়েছে আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 12:36 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে কেন্দ্রীয় জামায়াত নেতাসহ ১২ 'রাজাকার'র বিরুদ্ধে দু'টি মামলা হয়েছে আদালতে। বাগেরহাটের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মো. রাখিবুল ইসলামের আদালতে বুধবার মামলা দু'টি দায়ের করেন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মো. তোফাজ্জেল হোসেন ব্যাপারী ও চাল রায়েন্দা গ্রামের মো. আব্দুর রহিম তালুকদার। আদালত শরণখোলা থানার ওসিকে অভিযোগ দু'টি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। এই দুই মামলাতেই শরণখোলার রাজৈর গ্রামের আজিমুদ্দিনের ছেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আবুল কালাম মুহম্মদ ইউসুফকে আসামি করা হয়েছে। এ ছাড়া মামলা দু'টিতে অজ্ঞাতনামা আরো ১২-১৩ জনকে আসামি করা হয়। মামলায় আসামিদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়। মো. তোফাজ্জেল হোসেন ব্যাপারী তার আবেদনে বলেন, ১৯৭১ সালের ৩০ মে সকালে তার ভাই মুক্তিযোদ্ধা সামছুল হক ও সামছুল হকের শ্যালক মুক্তিযোদ্ধা মোস্তফা হাওলাদার সুন্দরবনের একটি মুক্তিযোদ্ধা ক্যাম্পের সদস্যদের জন্য শরণখোলার রায়েন্দা বাজারে আসেন। খবরটি পেয়ে স্থানীয় রাজাকার দল তাদেও ধরতে যায়। এ সময় তারা বলেশ্বর নদীপথে নৌকাযোগে পালাতে গেলে রাজাকাররা তাদের গুলি করে লাশ নদীতে ফেলে দেয়। মামলার অপর আসামিরা হলেন- শরণখোলার সোনাতলা গ্রামের মো. ইসমাঈল খাঁ (৭৫), আলাতাফ খান (৬৫), আব্দুর রব হাওলাদার (৬৫), বকুলতলা গ্রামের মো. নজির মৃধা (৭৬), রায়েন্দা বাজারের হারেস খাঁ (৭০), আব্দুল হক আকনসহ (৭০) অজ্ঞাতনামা আরো চার-পাঁচ জন। মো. আব্দুর রহিম তালুকদারের আবেদনে বলা হয়, ১৯৭১ সালের ১৫ নভেম্বর বিকালে আসামিরা বাদীর বাড়িতে ঢুকে তার বাবা হিঙ্গুল উদ্দিন তালুকদারকে উঠানে বের করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করে। এ সময় তারা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বাড়ির মূল্যবান মালামাল লুট করে। মামলার অপর আসামিরা হলেন- চাল রায়েন্দা গ্রামের আব্দুল আজিজ হাওলাদার (৬০), রাজেশ্বর গ্রামের আব্দুল হাকিম খাঁ (৭০), সোনাতলা গ্রামের আব্দুর রব হাওলাদার (৬৫), মো. ইসমাঈল খাঁ (৭৫), বকুলতলা গ্রামের নজির মৃধা (৭৬), খুড়িয়াখালী গ্রামের মোসলেম আকন (৭৫), কদমতলা গ্রামের সুলতান মৃধা (৭০), রায়েন্দা বাজারের হারেস খাঁ (৭০), আব্দুল হক আকন (৭০), রাজাপুর গ্রামের হাফেজ মো. নূর ইসলামসহ (৭০) অজ্ঞাতনামা আরো সাত-আট জন। দুই মামলাতেই রয়েছেন মো. ইসমাঈল খাঁ (৭৫), আব্দুর রব হাওলাদার (৬৫), মো. নজির মৃধা (৭৬), হারেস খাঁ (৭০) ও আব্দুল হক আকন (৭০)। শরণখোলা থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, মামলা দু'টির নথি এখনও তার কাছে পৌঁছায়নি। নথি হাতে পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১০ ঘ.