২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকারত্ব ১৫ শতাংশে নামিয়ে আনা হবে: হাসিনা

আগামী ১১ বছরের মধ্যে বেকারত্বের হার ৪০ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 11:29 AM

Updated : 24 Aug 2022, 06:52 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১১ বছরের মধ্যে বেকারত্বের হার ৪০ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেকারত্ব মোচনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বুধবার সংসদে তার প্রত্যাশার কথা জানান। ২০১৫ সালের মধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে ২০ লাখ ৩৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও জানান তিনি। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রহমত আলীর লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, "সরকার বেকারত্বের অভিশাপ থেকে যুবসমাজকে মুক্ত করতে এবং বেকার সমস্যা সমাধানকল্পে কর্মসংস্থান সৃষ্টিমূলক গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়েছে। "২০২১ সালের মধ্যে বেকারত্ব ১৫ শতাংশে নামিয়ে আনা হবে।" পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে বেকারত্বের হার ৪০ শতাংশ। শেখ হাসিনা জানান, দেশে ও বিদেশে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। সে জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো স্বল্প শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, প্রস্তাবিত আগামী ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনার আওতায় ২০১১ থেকে ২০১৫ মেয়াদে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগের মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে ২০ লাখ ৩৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৭২০ ঘ.