ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জে ছুরিকাঘাতে মঙ্গলবার রাতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। পুলিশ এ খবর দিয়েছে।
দক্ষিণ কেরানিগঞ্জ থানার কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা জানান, ছাত্রলীগ নেতা রাজ্জাকুর রহমান স্বপনকে (৩৫) শুভাড্যা মধ্যপাড়ায় ছুরিকাহত অবস্থায় পাওয়া যায়। পরে ঠিক মধ্যরাতের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানিগঞ্জ থানার ওসি নীলোৎপল দে রাত সাড়ে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর শুনেছেন এবং হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন। এব্যাপারে তিনি আর বিস্তারিত কিছু জানাতে পারেননি।
স্থানীয় অধিবাসীরা জানান, স্বপন ছাত্রলীগ দক্ষিণ কেরানিগঞ্জ শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর মানিকদি এলাকায় দুবৃত্তদের গুলিতে নিহত হন ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ সভাপতি এ বি এম ফারুক (৩৩)।
ফারুক আরেক জনের সঙ্গে কথা বলতে বলতে মানিকদি আদর্শ বিদ্যা নিকেতনের মাঠে ঢুকছিলেন। ওইসময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের সময় ফারুকের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/০১০৭ ঘ.
bdnews24