ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে পৃথক দুটি সংঘর্ষে নড়াইল ও নারায়ণগঞ্জে সোমবার দু'জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে নড়াইলের লোহাগড়া উপজেরার খলিশাখালী গ্রামে মারা যান একজন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড় ঝিনাইচর গ্রামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নড়াইল প্রতিনিধি জানান, লোহাগড়া উপজেলার খলিশাখালী গ্রামে নিহত ব্যক্তির নাম আশরাফ কাজী (৩২)।
এ ঘটনায় পুলিশ ডিপলু (৩৮), লাবলু মোল্যা (৩৫) ও গোলাম ছরোয়ার কাজী (৫৫) নামে তিনজনকে আটক করেছে।
লোহাগড়া থানার ওসি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের আনোয়ার কাজী ও তার চাচাতো ভাই আশরাফ কাজীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
এর জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষে আশরাফ কাজী আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, আড়াইহাজার উপজেলার বড় ঝিনাইরচর গ্রামে নিহতের নাম লিয়াকত (৫২)।
আহতদের মধ্যে আলী হোসেন (৪৫), ইব্রাহিম (৪২), বজলুল হক (৩৮), হালিম (৫০), শামসুল (৩৫), কামাল (৩২), ইয়ামুন (২২) ও আইউবকে (৩৫) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে বজলুল হক ও হালিমকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি সাংবাদিকদের জানান, বড় ঝিনাইরচর গ্রামের ব্যবসায়ী লিয়াকতের সঙ্গে তার চাচাতো ভাইদের সীমানা নিয়ে বিরোধ রয়েছে। সকাল ১০টার দিকে লিয়াকত তার বাড়ির দেওয়াল নির্মাণ করতে গেলে চাচাতো ভাই বজলুল হক, আলীম ও শামসুল লোকজন নিয়ে বাধা দেন।
এতে দু'পক্ষ লাঠিসোটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত লিয়াকতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/ডিডি/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24