সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামি শিবিরের আরো এক কর্মীকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার একটি বাসস্ট্যান্ড থেকে মো. আরাফাত হোসেন (২৫) নামের এই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মো. আব্বাস আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরাফাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিজ বিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যার মামলার আসামি এবং শিবিরের সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে রাজশাহীর মতিহার থানায় ২০০৮ সালে আরো দুটি মামলা হয়েছিল।
এসআই আব্বাস আলী জানান, দুপুর সাড়ে ১২টায় উপজেলার আকবর আলী ডিগ্রি কলেজের সামনের গুলিস্তান বাসস্ট্যান্ড থেকে আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ঝিকড়া গ্রামের আলী আহাম্মদ হোসেনের ছেলে।
আরাফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাকে রাজশাহী মহানগর পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
এর আগে বৃহস্পতিবার ফারুক হত্যা মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে মোখলেছুর রহমান নামে এক শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়।
গত সোমবার রাতভর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ফারুক নিহত হন। পুলিশ বলেছে, শিবিরের হামলার তার মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর দেশব্যাপী চিরুনী অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। ইতোমধ্যে দুই শতাধিক জামায়াত ও শিবির কর্মী গ্রেপ্তার হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০১ ঘ.
bdnews24