২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলমগীরের দুই ছেলের সাজাও বাতিল

মহীউদ্দিন খান আলমগীরের পর তার দুই ছেলের সাজার আদেশও বাতিল করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 12:13 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহীউদ্দিন খান আলমগীরের পর তার দুই ছেলের সাজার আদেশও বাতিল করেছে হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পত্তির হিসাব না দেওয়ার অপরাধে আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দিনের দুই ছেলেকে তিন বছরের সাজা দিয়েছিলো বিচারিক আদালত। তারা হলেন- জয় আলমগীর ও জালাল আলমগীর। ওই সাজার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সোমবার সাজা বাতিলের রায় দেয়। রায়ে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইনগত দিক না মেনেই জয় ও জালালকে সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দিয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস করায় সে নোটিশ তাদের কাছে পৌঁছেনি। তাই ওই নোটিশের ভিত্তিতে যে সাজা দেওয়া হয়েছে তা অবৈধ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালতে ২০০৮ সালের ৫ নভেম্বর দেওয়া রায়ে জয় ও জালালকে তিন বছর করে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়। বিচারিক আদালত আসামিদের অনুপস্থিতেই ওই রায় হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না- সাংবাদিকরা জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এম এ আজিজ সাংবাদিকদের বলেন, "কমিশন চাইলে আপিল করা হবে। আর আপিল না করলে এ মামলার দৃষ্টান্ত দেখিয়ে অনেকেই তাদের সাজা বাতিলের জন্য আবেদন করবে।" জরুরি অবস্থার সময় বেশ কিছুদিন কারাভোগ করেন মহীউদ্দিন আলমগীর। অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত একটি মামলায় বিচারিক আদালতে তার ১৩ বছর সাজা হলেও হাইকোর্ট তা বাতিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮০০ ঘ.