ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে হলে বর্তমান অবস্থার ব্যাপক উন্নয়নসহ আরো বাড়তি ব্যবস্থা যোগ করতে হবে বলে মনে করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
শনিবার ব্র্যাক সেন্টারে 'ইন্দো-বাংলাদেশ ডায়লগ অন হেলথ অ্যান্ড এডুকেশন: লার্নিং ফ্রম নেইবারস' শীর্ষক এক কর্মশালার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্মত্য বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে অভিভাবক ও শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে হবে, অভিভাবকদের দুশ্চিন্তা কমাতে স্কুলে খাবারের ব্যবস্থা করতে হবে।
এজন্য বহুমুখী প্রচেষ্টা চালানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, এ ব্যাপারে জনগণের সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখতে হবে।
ইউনিসেফের সহযোগিতায় ব্র্যাক, সিপিডি এবং প্রতীচী ট্রাস্ট কর্মশালাটির আয়োজন করে।
দক্ষিণ এশিয়ার আর্থ-সামাজিক বিষয়ে অন্যতম প্রধান এই বিশেষজ্ঞ বলেন, এখানে সবচেয়ে বড় সমস্যা শিশু ও মাতৃ মৃত্যু। মেয়েদের প্রতি অবহেলার ফল পরবর্তীতে শিশুদের বিকাশ বাধাগ্রস্ত করে।
শিশু-কিশোর স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশি বলেও মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিক প্রগতি ছাড়া আর্থিক স্বচ্ছলতা সহজে আসবে না। অর্থের সুব্যবহার করে দরিদ্রদের স্বাস্থ্যসেবার দিকে নজর দিতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ রেহমান সোবহান, রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান ও ইউনিসেফের কারেল ডি রয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএনএ/২৩৩৮ ঘ.
bdnews24