ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপান গার্ডেন সিটিতে অগ্নিকাণ্ডে ফাহিমের মর্মান্তিক মৃত্যুর কারণে শনিবার অনুষ্ঠিতব্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পিছিয়ে দিয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কতৃপক্ষ।
এছাড়া ফাহিমের মৃত্যুতে শোক প্রকাশ করে শনিবার কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সকালে কলেজ পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজের শারীরিক শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক মো. সুলতানউদ্দিন এই সিদ্ধান্তের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়ে বলেন, "শনিবার বাদ আছর ফাহিম ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য মিলাদ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
তিনি এই মিলাদে অংশ নেয়ার জন্য অভিবাবক ও অন্যান্যদের অনুরোধ জানান।
কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২০ ফেব্র"য়ারী অনুষ্ঠিত হবে বলে অধ্যাপক মো. সুলতানউদ্দিন জানান।
বৃহস্পতিবার রাতে রাজধানীর জাপান গার্ডেন সিটিতে এক অগ্নিকান্ডে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র তারিক ইবনে ফাহিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এইচএ/০২০৫ ঘ.
bdnews24