২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি'র ২৮ শিবির নেতাকর্মী রিমান্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র হত্যার ঘটনায় ২৮ শিবির নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 04:48 PM

Updated : 24 Aug 2022, 06:43 PM

রাজশাহী, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র হত্যার ঘটনায় ২৮ শিবির নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার সন্ধ্যায় রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মশিউর রহমান চৌধুরী পাঁচ দিন মঞ্জুর করেন। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। পরে বুধবার হওয়া দু'টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ছাত্রলীগ নেতা খুন ও হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু ৩৫ জন শিবির নেতাকর্মীর নাম উল্লেখসহ ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। একইদিন পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে মতিহার থানার উপ-পরিদর্শক এরশাদ আলী ২৯ শিবির নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ৫/৬ শ' অজ্ঞাত শিবির নেতাকর্মীকে আসামি করে আরেকটি মামলা করেন। মামলা দু'টিতে বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি শামসুল আলম গোলাপ ও সাধারণ সম্পাদক মোবারক হোসেনের নাম থাকলেও তারা গ্রেপ্তার হয়নি। তবে শিবিরের নবাব আব্দুল লতিফ হল শাখা সভাপতি হাসমত আলী লিটন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অপর আসামিদের ওই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মতিহার থানার সহকারী উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, হেফাজতে নেওয়া আসামিদের পর্যায়ক্রমে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৮ ঘ.