২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগের সংকেত দিতে মুঠোফোন ব্যবহারের উদ্যোগ

দুর্যোগের আগাম সংকেত জানাতে মোবাইল ফোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 04:34 PM

Updated : 24 Aug 2022, 06:43 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগের আগাম সংকেত জানাতে মোবাইল ফোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নকাল পর্বে নির্ধারিত লিখিত এক প্রশ্নের জবাবে একথা জানান। ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ'র এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রাথমিকভাবে বন্যাপ্রবণ সিরাজগঞ্জ ও ঘূর্ণিঝড়প্রবণ কক্সবাজার জেলায় মুঠোফোনের মাধ্যমে আগাম সর্তক বার্তা প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। "ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে প্রাথমিকভাবে ওই দুইটি জেলায় মোবাইল ফোন ব্যবহারকারীরা কোনো অপশনে না গিয়ে ফোনের স্ক্রিনে এই আগাম সতর্ক বার্তা পাচ্ছে।" দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে করণীয় নির্ধারণে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা আইনের খসড়া চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, "সামুদ্রিক ঝড়, কালবৈশাখী, টর্র্নেডো, বন্যা, খরা, নদী ভাঙ্গন, ভূমিকম্প ইত্যাদি দুর্যোগ মোকাবিলার জন্য দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) যুগোপযোগী করা হচ্ছে। জলবায়ু ঝুঁকি নিরসনে জনগণসহ সংশ্লিষ্ট সদস্যদের প্রশিক্ষিত করে তোলার ব্যবস্থা নেওয়া হয়েছে।'' এ সময় তিনি ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের গৃহীত পদক্ষেপের একটি বিবরণী তুলে ধরেন। বুধবার বিকাল ৩টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। স্পিকার দিনের কার্যসূচির শুরুতে কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রশ্নকাল ও প্রশ্নোত্তর পর্ব উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী অধিবেশনের শুরুতেই উপস্থিত ছিলেন। মহিলা সাংসদ মমতাজ বেগমের এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী জানান, গৃহীত পদক্ষেপ চলমান থাকলে ২০১১ সালের মধ্যে নিট রিপ্রোডাকটিভ রেট ১ অর্জন করা সম্ভব হবে। একইসঙ্গে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৭২ শতাংশে উন্নীত করা ও মোট প্রজনন হার ২ দশমিক ২ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে। ঢাকা-১০ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহ'র প্রশ্নের লিখিত জবাবে তিনি বলেন, "স্থগিত হওয়া ঢাকা সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম ইস্টার্ন বাইপাস বড়ক বহুমুখী প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা সরকারের রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এজে/জিএনএ/২২৩১ ঘ.