ফরিদপুর, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে তেঁতুলতলায় বাস খাদে পড়ে ছয় যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।
দমকল, পুলিশ ও র্যাব স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিহতদের মধ্যে পাঁচজন হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার লুকিয়া গ্রামের গোল ঘোষ (৫০), ফরিদপুরের বোয়ালমারীর কুংড়াইল গ্রামের আল আমিন (১৮), কলি মাঝি গ্রামের মো. রুবেল (২৫), বাস চালক ফরিদপুর শহরতলী বদরপুরের জাহাঙ্গীর (৫০) এবং বাসের সুপারভাইজার শহরের গুহলক্ষ্মীপুর এলাকার বাচ্চু শেখ (৩২)।
আহতদের মধ্যে ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আনিসুর রহমান বলেন, একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে গোপালগঞ্জের কালনাঘাট যাচ্ছিল।
বিকাল সাড়ে ৩টার দিকে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পানিশূন্য খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ছয়জন মারা যায়।
দুর্ঘটনার পর মহাসড়কে একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৮ ঘ.
bdnews24