পাবনা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিবির সাংবাদিক সম্মেলন ডাকায় পাবনা প্রেসক্লাবে বুধবার দুপুরে ছাত্রলীগ কর্মীরা হামলা ও ভাংচুর করেছে। এ সময় তারা কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিতও করে।
এর প্রতিবাদে সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ করেন।
এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা ক্ষমা চেয়েছেন।
পাবনা প্রেসক্লাব সভাপতি রুমি খন্দকার ও সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, মঙ্গলবার রাতে একদল যুবক পাবনা শহরের শালগাড়িয়ায় ছাত্র শিবিরের দুইটি মেস জ্বালিয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে সকালে ছাত্র শিবির প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকে। বেলা ১২টার দিকে পুলিশ এ সম্মেলন বন্ধ করে দেয়।
একই সময় এডওয়ার্ড কলেজ থেকে ছাত্রলীগের একটি মিছিল প্রেসক্লাবে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়।
এ হামলার প্রতিবাদে সাংবাদিকরা তাৎক্ষণিক রাস্তায় সভা শুরু করলে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী তাদের মাইক কেড়ে নেন।
এরপর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকরা সভা করে দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংবাদ বর্জন করার ঘোষণা দেন।
প্রেসক্লাব সভাপতি রুমি খন্দকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক রণেশ মৈত্র, আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক উৎপল মির্জা, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, আখতারুজ্জামান আখতার, আব্দুল মজিদ দুদু, জহুরুল ইসলাম, আহমেদ উল হক রানা, আখিনুর ইসলাম রেমন, হাবিবুর রহমান স্বপন প্রমুখ।
প্রতিবাদ সভা চলাকালে পাবনার জেলা প্রশাসক এএফএম মনজুর কাদির প্রেসক্লাব এসে এবং পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি রাজশাহী অবস্থান করায় ফোনে ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন।
এদিকে জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান সুইটসহ নেতারা ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।
আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার জন্য তারা লজ্জিত এবং এ জন্য ক্ষমা প্রার্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/ডিডি/১৯০৯ ঘ.
bdnews24