২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুতে ঘরহারাদের পুনর্বাসনের কাজ শুরু

পদ্মা সেতুর জন্য মুন্সীগঞ্জের মেদিনীমণ্ডল গ্রামে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের পুনর্বাসনে পাশের গ্রাম যশোলদিয়ায় জমি ভরাটের কাজ শুরু হয়েছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 12:13 PM

Updated : 24 Aug 2022, 06:43 PM

মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর জন্য মুন্সীগঞ্জের মেদিনীমণ্ডল গ্রামে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের পুনর্বাসনে পাশের গ্রাম যশোলদিয়ায় জমি ভরাটের কাজ শুরু হয়েছে বুধবার। সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সেতু বাস্তবায়নে মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলায় পদ্মার দুই পাড়ে এক হাজার হেক্টর জমি অধিগ্রহণ করার কথা। এতে মোট চার হাজার পরিবারকে তাদের ঘর-বাড়ি সরিয়ে নিতে হবে। সেতুর নির্মাণ শুরু হওয়ার আগেই এদের পুনর্বাসনের শর্ত দিয়েছিল দাতাগোষ্ঠী। মাদারীপুর ও শরীয়তপুরে পুনর্বাসনের কাজ শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী। মেদিনীমণ্ডলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে পাশের তিন গ্রাম কুমারভোগ, যশোলদিয়া ও কান্দিপাড়াতে। এর মধ্যে যশোলদিয়ায় মাটি ভরাট শুরু হলো বুধবার। এ সময় সেতু বিভাগের সচিব মোশরফ হোসেন ভূইয়া, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন, উপজেলার চেয়ারম্যান ওসমান গনি তালুকদার আরও উপস্থিত ছিলেন। তিন দফায় বাড়িয়ে পদ্মা সেতুর সর্বশেষ নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুশ ৪০ কোটি ডলার। প্রথম ব্যয় ধরা হয়েছিল একশ৪০ কোটি ডলার। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তা বাড়িয়ে একশ ৮০ কোটি ডলার করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর করা হয় একশ ৯০ কোটি। সেতু নির্মাণে বিশ্বব্যাংক একশ ২০ কোটি, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫৫ কোটি, জাপান ইন্টারন্যাশনাল ব্যাংক অব কো-অপারেশন (জেবিআইসি) ৩০ কোটি, ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১২ কোটি এবং আবুধাবি ডেভেলপমেন্ট ফান্ড (আবুধাবি ফান্ড) তিন কোটি ১০ লাখ ডলার সহায়তা দেবে। পুঁজিবাজারে বন্ড ইস্যু করে সংগ্রহ করা হবে ১৪ কোটি ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮০৫ ঘ.