সাভার, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের বংশী নদীতে মঙ্গলবার রাতে শ্রমিক বহনকারী একটি ট্রলার ডুবে গেছে।
বুধবার সকালে অজ্ঞাত দুই নারী এবং বিকালে নুরুল ইসলাম (৪৫) নামের একজনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছে আরো সাতজন। তাদের সবার নাম জানা যায়নি।
এরা সবাই সাভারের বেঙ্গল কার্পেট মিলের শ্রমিক। কারখানার নিজস্ব ট্রলারটি দিয়ে প্রতিদিন কারখানার শ্রমিকদের ফোর্ডনগর ঘাট ও ভাগলপুর ঘাটে পারাপার করা হয়।
দুপুরে দমকলের ঢাকা সদরদপ্তর থেকে চার সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
দুর্ঘটনায় বেঁেচ যাওয়া যাত্রী আকলিমা, মালা, আয়শা, জুলেখা, হাসিনা, চন্দনাসহ বেশ কয়েকজন জানান, রাত ১০টার দিকে বেঙ্গল কার্পেট মিল ছুটি হওয়ার পর ৫০/৬০ জন শ্রমিক ফোর্ডনগর ঘাট থেকে ট্রলারে ওঠে। নদী পর হয়ে ভাগলপুর ঘাটে আসার পথে নদীর মাঝখানে ট্রলারটি ডুবে যায়।
উদ্ধার কাজে অংশ নেওয়া মফিজ মিয়া বলেন, সকালে মাঝ নদী থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। এ সময় ট্রলারে আটকে থাকা দুই মহিলার লাশ উদ্ধার করা হয়। তাদের পরিচয় জানা যায়নি।
বিকাল ৪টার দিকে দমকলের ডুবুরিরা বেঙ্গল কার্পেট মিলের নিরাপত্তারক্ষী নুরুল ইসলামের লাশ উদ্ধার করে।
দমকলের ডুবুরি দলের প্রধান সানোয়ার হোসেন বলেন, অনেকেই বলছে তাদের স্বজন নিখোঁজ রয়েছে। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পর শুধু নিরাপত্তারক্ষী নুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, স্বজনদের খোঁজে আসা লোকজনের হিসাব থেকে নিখোঁজ এখনো সাতজন বলে ধারণা করা হচ্ছে।
স্বজন খুঁজতে আসা নুরুল আমিন বলেন, তার ভাইপো মজিবর রহমান ডুবে যাওয়া ট্রলারে ছিলেন। তাকে এখনো পাওয়া যায়নি।
সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নজিবুর রহমান বলেন, উদ্ধার করা অনেকের পাকস্থলীতে নদীর বিষাক্ত পানি পাওয়া গেছে। তবে চিকিৎসাধীন যাত্রীদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৭ ঘ.
bdnews24