২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়ত বন্ধ রেখে বিক্ষোভে বাবুবাজারের ব্যবসায়ীরা

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে দোকান বন্ধ রেখে বুধবার সকাল থেকে বিক্ষোভ করছে রাজধানী বাবুবাজার ও বাদামতলীর চালের আড়তদাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 07:37 AM

Updated : 24 Aug 2022, 06:44 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী হত্যার প্রতিবাদে দোকান বন্ধ রেখে বুধবার সকাল থেকে বিক্ষোভ করছে রাজধানী বাবুবাজার ও বাদামতলীর চালের আড়তদাররা। তারা ব্যবসায়ী মো. আফিলউদ্দিন হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। কুষ্টিয়ার ভিআইপি রাইস মিলের মালিক আফিলকে মঙ্গলবার টিপু সুলতান রোডে তার বাড়ির সামনে গুলি চালিয়ে হত্যা করা হয়। বাবুবাজার ও বাদামতলীতে রাজধানীর চালের সবচেয়ে বড় আড়তগুলো রয়েছে। ১৯০টি আড়তের সবগুলোই সকাল থেকে বন্ধ রয়েছে। চালের আড়তদারদের সঙ্গে দোকান বন্ধ রেখে বিক্ষোভে শামিল হয়েছে অন্য ব্যবসায়ীরাও। বাবুবাজার-বাদামতলী চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক হাজি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আফিল হত্যার বিচার দাবিতে তাদের আন্দোলন চলবে। আড়ত বন্ধের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "চাল অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। তা বিবেচনায় রেখেই আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।" নিহত আফিল বাবুবাজার, রামপুরা, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন আড়তে চাল সরবরাহ করতেন। টিপু সুলতান লেনের একটি বাড়িতে থাকতেন তিনি। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৩০ ঘ.