ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঠার বছর আগে ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় করা মামলায় অ্যাডফ্লেইম ফার্মাসিউটিক্যালসের একজন পরিচালকের বিরুদ্ধে ঢাকার একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
তার নাম আফসার পাশা।
ঢাকার ড্রাগ আদালতের বিচারক মো. আবদুল মজিদ মঙ্গলবার এ পরোয়ানা জারি করেন বলে আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এবং আদালতের পেশকার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তারা বলেন, এ মামলায় এর আগে জামিন পাওয়া পাশাকে মঙ্গলবার আদালতে হাজির করার জন্য তার জামিনদার আবুল হাসনাতের প্রতি নোটিশ জারি করা হয়।
কিন্তু তাকে হাজির করতে ব্যর্থ হওয়ায় বিচারক এ আদেশ দেন।
১৯৯২ সালে ওষুধ প্রশাসন পরিদপ্তরের তৎকালীন কর্মকর্তা আবুল খায়ের এ মামলা করার পর মামলাটি দীর্ঘদিন হাইকোর্টে স্থগিত ছিল।
স্থগিতাদেশ বাতিল হওয়ার পর মামলার নথিটি নিখোঁজ ছিল। পরে ২০০৭ সালের ৫ নভেম্বর বার্ষিক আদালত পরিদর্শনের সময় আলমারি থেকে তা উদ্ধার করা হয়।
ওই ঘটনায় সে সময়ের ওই আদালতের পেশকার আবদুল হককে তৎকালীন বিচারক গেলাম মর্তুজা মজুমদার কারণ দর্শাতে বলেছিলেন। আবদুল হক এখনও ঘটনাটির কারণ ব্যাখ্যা করে জবাব দেননি।
১৯৯১ ও '৯২ সালে শেরেবাংলানগর জাতীয় শিশু হাসপাতালে অভিযুক্তদের প্রতিষ্ঠানের উৎপাদিত ভেজাল প্যারাসিটামল খেয়ে কয়েকটি শিশু মৃত্যুর ঘটনায় মামলাটি দায়ের করা হয়।
বিচারক আগামি ১৮ মার্চের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা গেল কি গেল না এ ব্যাপারে প্রতিবেদন চেয়েছেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/০১৪২ ঘ.
bdnews24