নাটোর, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মঙ্গলবার বিকালে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (বগুড়া-৪) ছয় সদস্য মারা গেছেন। আহত হয়েছেন আরো ১৯ পুলিশসহ ২৯ জন।
নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে বাসটি আরেকটি গাড়িকে অতিক্রমের সময় পুলিশবাহী ট্রাকটিকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) রফিকুল ইসলাম।
নিহতরা হলেন- আর্মড পুলিশের হাবিলদার শাহেদুল ইসলাম (৪৫), আনিছুর রহমান (৫০) ও ফিরোজ (৫৫), কনস্টেবল হাফিজার রহমান (৫০) নাজমুল হোসেন (৪০) ও শাহীন হোসেন।
এর মধ্যে ঘটনাস্থলে মারা যান পাঁচজন। আহত অবস্থায় কনস্টেবল শাহীনকে পার্শ্ববর্তী রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদের মধ্যে শাহেদুলের বাড়ি চট্রগ্রাম, আনিছুর ও ফিরোজের বাড়ি টাঙ্গাইল, হাফিজারের বাড়ি বগুড়া জেলায়। অন্য দুজনের বাড়ির ঠিকানা জানা যায়নি।
এসপি রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর নিহতদের লাশ ও ২৩টি আগ্নেয়াস্ত্র নাটোর সদর থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘাতক বাসের চালক ও তার হেলপার পালিয়ে গেছেন।
নাটোর সদর থানা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (বগুড়া-৪) ২৫ সদস্য বগুড়া থেকে ট্রাকে (বগুড়া-ম-০৭-০০১২) করে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। ট্রাকটি সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা দিগন্ত নামের যাত্রীবাহী একটি বাস (ঢাকা-মেট্রো-ব-০২-০০৯৪) ধাক্কা দেয়। এতে ট্রাকটি রাস্তার পাশের একটি ঘরের ভেতরে ঢুকে যায়।
দুর্ঘটনায় আর্মড পুলিশ পরিদর্শক গিয়াস উদ্দিনসহ ১৯ জন এবং বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে নাটোর, রাজশাহী ও পুঠিয়া দমকল বাহিনীর সদস্যরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
এ সময় নাটোরের পুলিশ সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপারিটেনডেন্ট মোজাম্মেল হক ও নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
আহত আর্মড পুলিশ কনস্টেবল রাশেদ সাংবাদিকদের বলেন, তারা দুপুর সাড়ে ১২টায় পরিদর্শক গিয়াস উদ্দিনের নেতৃত্বে বগুড়া ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য তাদেরকে পাঠানো হয়েছিল।
তারা বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে এলে হঠাৎ বিকট শব্দ হয় এবং ট্রাক থেকে ছিটকে পড়েন। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মকবুল হোসেন বলেন, তিনি ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দিগন্ত নামের একটি বাস পুলিশের ট্রাকটিকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে বাস ও ট্রাকটি লণ্ডভণ্ড হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩২ ঘ.
bdnews24