ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জাদুঘর কেন স্থাপন করা হবে না, তার কারণ জানাতে সরকারের প্রতি আদেশ দিয়েছে হাইকোর্ট।
'জনস্বার্থে' দায়ের করা একটি আবেদনে মঙ্গলবার বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ এ আদেশ দেয়।
শহীদ মিনারের 'পবিত্রতা ও সম্মান' রক্ষার জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণও জানাতে বলেছে আদালত।
এ জন্য মন্ত্রিপরিষদ সচিব, সংস্কৃতি বিষয়ক সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকার মেয়র, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও প্রধান স্থপতিকে ১০ দিন সময় দেওয়া হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাান্ড পিস ফর বাংলাদেশের সাধারণ সম্পাদক আশাদুজ্জামান সিদ্দিকীর আবেদনে হাইকোর্ট ওই আদেশ দেয়।
আদালতে তার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
সরকারের পক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মোস্তফা জামান ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৭১৫ ঘ.
bdnews24