২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় ডাকাতি, গুলিতে ডাকাত নিহত

দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও ময়মনসিংহে রোববার রাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 03:11 PM

Updated : 24 Aug 2022, 06:40 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও ময়মনসিংহে রোববার রাতে ডাকাতি হয়েছে। এর মধ্যে দিনাজপুরে নৈশকোচ ডাকাতিকালে পুলিশের গুলিতে অজ্ঞাত পরিচয় এক ডাকাত নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি ইটভাটা থেকে ডাকাতরা নগদ টাকা ও মোবাইল ফোন সেট লুট করেছে। হবিগঞ্জে ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও মূল্যবান মাল নিয়ে গেছে। ময়মনসিংহ শহরের একটি জুয়েলার্স থেকে নগদ টাকা ও বিপুল স্বর্ণালঙ্কারিে নয় গেছে। এ ঘটনায় জুয়েলার্সটির নৈশ প্রহরীকে পুলিশ আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনধির পাঠানো সংবাদ- দিনাজপুর: ঢাকা-দিনাজপুর মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় নৈশকোচে ডাকাতির সময় পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। তার নাম জানা যায়নি। ঘোড়াঘাট থানার ওসি নাসির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া একটি কোচ রাত পৌনে ১২টার দিকে নূরজাহানপুর পৌঁছলে রাস্তায় গাছ ফেলে ২০/২৫ জন ডাকাত বাসের জানালার কাচ ভাংচুর করতে থাকে। এতে যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করলে বাসে থাকা দায়িত্বরত দুই পুলিশ সদস্য ডাকাতদের প্রতি দুই রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় এক ডাকাত গুলিবিদ্ধ হয়। ঘোড়াঘাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। তার হেফাজতে থাকা একটি মোবাইল সেটও উদ্ধার করে পুলিশ। লাশ হাসপাতার মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি ডাকাতি ও একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এর আগে একই ডাকাত দল বিভিন্ন কার, মাইক্রোবাস, ট্রাক ও ট্যাংকলরি থেকে নয়টি মোবাইল ফোন সেট ও ৫৯ হাজার টাকা লুট করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সুজায়েত ইসলাম বলেন, কোচটিতে দায়িত্বরত দুই পুলিশ নায়েক রফিকুল ইসলাম ও কনস্টেবল মিজানুর রহমানকে সাহসিকতার জন্য পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ ৫০ হাজার করে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলার ইসলামপুরে সোমবার ভোররাতে তিনটি ইটভাটা থেকে ডাকাতরা নগদ একলাখ টাকা ও ২০টি মোবাইল ফোন সেট লুট করেছে। ইটভাটাগুলো হল- জনতা ব্রিকস, আকাশ ব্রিকস ও বিয়ানা ব্রিকস। ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক গোলাম ফারুক বলেন, ২০/৩০ জন ডাকাত ইটভাটার শ্রমিকদের মজুরির টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়। শ্রমিকদের চিৎকারে পুলিশ যাওয়ার পর ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি বলে পুলিশ কর্মকর্তা জানান। হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভার আনোয়ারপুর এলাকায় ডাকাতরা ফয়সল আহমেদ নামের এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ এক লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেটসহ অন্তত পাঁচ লাখ টাকার মাল নিয়ে গেছে। সদর থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী সাংবাদিকদের বলেন, রাত ৩টার দিকে ১০/১৫ জন মুখোশপরা ডাকাত তিনটি ফটকের তালা ভেঙে ঘরে ঢোকে। ঘরের সবাইকে বেঁধে রেখে তারা শো-কেস ও আলমারী থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সকালে তিনি (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মো. ফয়সল আহমেদ হবিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ময়মনসিংহ: শহরের দুর্গাবাড়ি রোডের জনতা জুয়েলার্সের তালা ভেঙে ডাকাতরা নগদ ৬২ হাজার টাকা, ৫৫ ভরি স্বর্ণ ও ১০০ ভরি রূপাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দোকানের প্রহরী সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, ভোরে ডাকাতরা জুয়েলার্সটির শাটার ও ফটকের তালা ভেঙে দারোয়ান সাইফুল ইসলামকে বেঁধে রেখে স্বর্ণালঙ্কার ভর্তি সিন্ধুক ট্রাকে তুলে নিয়ে যায়। পরে ত্রিশাল উপজেলার কালিরবাজার থেকে পরিত্যক্ত খালি সিন্ধুকটি উদ্ধার করা হয়। আটক প্রহরী সাইফুল জানান, ১২/১৪ জন ডাকাত তাকে বেঁধে রেখে লুটপাট চালায়। এ ঘটনায় জুয়েলার্সটির মালিক প্রণব কুমার ঘোষ দীপক বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৬ ঘ.