চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে আবারো জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এর আগে রেজ্জাকুলকে দুই দফায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
মামলার তদন্তকারী সংস্থা সিআইডির সাতদিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার মহানগর হাকিম আজিলুল হক এ ঘটনায় দায়ের হওয়া চোরাচালান মামলায় রেজ্জাকুলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় কিছু অনুদঘাটিত তথ্য জানতে রেজ্জাকুলকে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সাতদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিনদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
১০ ট্রাক অস্ত্র মামলার বর্তমান আইও মনিরুজ্জামান দায়িত্ব নেওয়ার পর গত ১৫ মে ঢাকার ওল্ড ডিওএইচএস এর বাসা থেকে রেজ্জাকুলকে গ্রেপ্তার করা হয়। এরপর সিআইডি ১৭ মে ও ২০ মে দুই দফায় মোট নয়দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে সিইউএফএল'র সংরক্ষিত জেটি ঘাটে দেশের সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের এই চালান আটক করা হয়।
সেসময় রেজ্জাকুল গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন। পরে এনএসআইয়ের মহাপরিচালক নিযুক্ত হন তিনি।
এ মামলায় গ্রেপ্তার হাফিজুর রহমান গত শনিবার মহানগর হাকিম আদালতে ৪৩ পৃষ্ঠার জবানবন্দি দেন।
এর পরিপ্র্রেক্ষিতে রেজ্জাকুলকে ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির এক কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এএল/২০১৩ ঘ.
bdnews24