২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মর্যাদাক্রম: হাইকোর্টের রায় স্থগিত

বর্তমান পদমর্যাদাক্রম তালিকা অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 09:29 AM

Updated : 24 Aug 2022, 06:41 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান পদমর্যাদাক্রম তালিকা অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সরকারের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সোমবার এ স্থগিতাদেশ দেন। এ সময়ের মধ্যে সরকারকে নিয়মিত আপিল আবেদন করতে বলা হয়েছে। তিন বাহিনী প্রধানের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) জেলা জজদের নিচে নামানোর আদেশ নিয়ে বৃহস্পতিবার রায় দেয় হাইকোর্ট। রোববার এর বিরুদ্ধে আপিল আবেদন করে সরকার। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায়ের ফলে একটি অস্বাভাবিক পরিস্থিতির উদ্ভব হয়েছে। সে জন্যই আদালতের এ রায়ের বিরুদ্ধে আমরা স্থগিতাদেশের আবেদনের পাশাপাশি আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।" কী ধরনের অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, "তিন বাহিনীর প্রধানদের ওপর যদি জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের স্থান দেওয়া হয় তাহলে সারাদেশে যে পরিমাণ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা রয়েছে কোনো অনুষ্ঠানে তাদের জন্য আসন বরাদ্দ রাখতে হলে অনেক জায়গার প্রয়োজন হবে। এটি দৃষ্টিকটু দেখায়।" ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ২০০৬ সালে একটি রিট আবেদন করে। বৃহস্পতিবার ওই আবেদনের বিষয়ে রায় দেয় হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বলেন, "যিনি রিটটি করেছিলেন তিনি একজন যুগ্ম জেলা জজ। তিনি দাবি করেছেন, তাদের পদটা সাংবিধানিক, কিন্তু তা ঠিক নয়। এছাড়াও তিনি দাবি করেছেন জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তারা প্রজাতন্ত্রের কর্মচারী নন। এটাও তিনি ঠিক বলেননি।" 'বিচারপতিদেরও সম্পদের হিসাব দেওয়া উচিৎ' নব নিযুক্ত প্রধান বিচারপতির এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "প্রধান বিচারপতির এ বক্তব্যের জন্য তাকে আমরা সাধুবাদ জানাই। সংবিধান অনুযায়ী জনগণ দেশের মালিক। তাই সাংবিধানিক পদে যারাই থাকবেন জনগণের কাছে তাদের স্বচ্ছতা ও সততা স্পষ্ট করতে সম্পদের হিসাব দেওয়া উচিৎ বলে আমি মনেকরি।" মাহবুবে আলম বলেন, "প্রধান বিচারপতি হিসেবে তিনি যদি তার সম্পদের হিসাব দেন তাহলে আমরা উৎসাহিত বোধ করবো।" হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চের দেওয়া ওই রায়ে বর্তমান পদমর্যাদাক্রম তালিকা অবৈধ ঘোষণা করে জেলা জজ পদমর্যাদার কর্মকর্তাদের তিন বাহিনী প্রধানের ওপরে স্থান দিয়ে ৬০ দিনের মধ্যে নতুন তালিকা তৈরি করতে সরকারকে নির্দেশ দেওয়া হয। বর্তমান পদমর্যাদাক্রম তালিকায় তিন বাহিনীর প্রধানরা মন্ত্রিপরিষদ ও মুখ্য সচিবদের সঙ্গে ১২ নম্বর অবস্থানে আছেন। অন্যদিকে জেলা জজসহ এ মর্যাদার কর্মকর্তাদের স্থান ২৪ নম্বরে। হাইকোর্টের রায়ে বর্তমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অবৈধ ঘোষণা করে আটটি নির্দেশনা দেওয়া হয়। আগামী ৬০ দিনের মধ্যে নতুন ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে তা বাস্তবায়ন করে এ সংক্রান্ত তথ্য হাইকোর্টে উপস্থাপন করতেও বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/এএল/২০৫৫ ঘ.