২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ঘণ্টা পর রাস্তা ছাড়লো টঙ্গীর শ্রমিকরা

শ্রমিকরা রাস্তা ছাড়ায় প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 08:14 AM

Updated : 24 Aug 2022, 06:41 PM

গাজীপুর, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকরা রাস্তা ছাড়ায় প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বকেয়া বেতন-ভাতার দাবিতে সোমবার সকাল ৯টায় জয়েন্ট টেক্স কারখানার কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করে। দুপুর পৌনে ২টায় অবরোধ প্রত্যাহার করে নেয়। সকালে টঙ্গী থানার ওসি তপন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিকানা বিষয়ক জটিলতায় ওই কারখানার শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ হয়ে আছে। ২০০৭ সালে বিজিএমইএ সহসভাপতি মো. ফারুক হাসান ওই কারখানা হাসান সাইদ ও তার ভাই নওশাদ হাসানের কাছে বিক্রি করেন। তবে মালিকানা হস্তান্তরের জটিলতায় গত ১৪ জানুয়ারি থেকে কারখানা বন্ধ। ওসি বলেন, "বর্তমান মালিকরা বলছেন, কারখানা বিক্রির সময় ব্যাংক ঋণের সুরাহা করার শর্ত ছিলো, যা আগের মালিক পালন করেনি। অন্যদিকে ফারুক হোসেন বলছেন, সব শর্তই পালন করা হয়ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এফএফ/এমআই/১৪১১ ঘ.