চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি হাফিজুর রহমান আদালতে ৪৩ পৃষ্ঠার স্বীকারোক্তিমূলক দিয়েছেন।
শনিবার বিকাল পাঁচটা থেকে রাত ১টা পর্যন্ত মহানগর হাকিম মাহাবুবুর রহমানের কাছে তিনি জবানবন্দি দেন।
রোববার মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানান।
তিনি বলেন, "১০ ট্রাক অস্ত্র পরিবহনকারী জাহাজ শনাক্তকরণের ব্যাপারে হাফিজ জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকতে পারেন।"
তবে জবানবন্দিতে হাফিজ আর কি বলেছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন তদন্ত কর্মকর্তা।
এর আগে গত বছরের ৫ মার্চ প্রথমদফায় এ অস্ত্র চোরাচালান ও আটকের ঘটনায় হাফিজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
ওই জবানবন্দির পরিপ্রেক্ষিতে এ মামলার তদন্তে নাটকীয় মোড় নেয়। গ্রেপ্তার হন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআই এর সাবেক দুই প্রধানসহ পাঁচজন এবং চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এর সাবেক দুই কর্মকর্তা।
সিআইডি গত বুধবার অস্ত্র চোরাচালানি হাফিজকে তিনদিনের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে যায়। রিমান্ড শেষে তাকে শুক্রবার রাতে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
এদিকে, এই মামলায় গ্রেপ্তারকৃত এনএসআই'র সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবদের জন্য তৃতীয় দফায় সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিআইডি।
আগামী সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে এ সংক্রান্তে শুনানি হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটে দশ ট্রাক সমপরিমাণের অস্ত্র আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান মামলায় পৃথক দুটি মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জিএনএ/২২৩৮ ঘ.
bdnews24